‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগান-কে সামনে রেখে আগামীকাল রবিবার (২৩ জানুয়ারি) সকাল থেকে পাঁচদিন ব্যাপি শুরু হতে যাচ্ছে পুলিশ সপ্তাহ। শুরুদিন সকাল ১০ টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহ অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তরে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তা সূত্রে, পুলিশ সপ্তাহে ২০২০-২১ সালে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ২৩০ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়া হবে। এর মধ্যে র্যাবের ৩৫ জন সদস্য পদক পাচ্ছেন। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ৭২ ঘণ্টার করোনা সনদ বাধ্যতামূলক করা হয়েছে।
