বিনোদন ডেস্ক- বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) জমে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। গতকাল সন্ধ্যায় নির্বাচনি প্রচারণার সময় সহ-সভাপতি পদপ্রার্থী রিয়াজ আহমেদ এক বৃদ্ধ শিল্পীর কষ্টে আবেগে কেঁদেছেন।
ওই কান্না নিয়ে দেশের একাধিক গণমাধ্যমে খবর ও ভিডিও প্রকাশিত হলে অন্তর্জালে কটাক্ষের শিকার হচ্ছেন চিত্রনায়ক রিয়াজ। সমালোচকদের একাংশের দাবি, রিয়াজ কান্নার ‘নাটক’ করেছেন। এমন একাধিক মন্তব্য উত্তাপ ছড়াচ্ছে নায়কের এই কান্না নিয়ে।
বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন রিয়াজ নিজেই। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সাংবাদিকদের কাছে তিনি বলেন, ‘আমরা শিল্পী। তবে একজন মানুষের মধ্যে সহজাত যে আবেগ থাকে, সেটা আমাদের মাঝেও আছে। আমার মা যখন মারা গিয়েছিলেন, আমি যখন কাঁদছিলাম, অনেকের কাছেই তখন মনে হয়েছিল এটা হয়ত একধরণের অভিনয়। এটা আমি ফেইস করেছি বিগত দিনে। এটা শিল্পীদের একটি চিরায়ত ব্যাপার।’
এফডিসিতে কান্নার বিষয়ে রিয়াজ বলেন, ‘একজন সত্তরোর্ধ এক বৃদ্ধ, ষাটোর্ধ নারী, যাদের সদস্যপদ বাতিল হয়েছিল। তারা আমাদের সঙ্গে গতকাল সঙ্গে নির্বাচনী গানের তালে নাচছিল। এই মানুষগুলোর খুব বেশি চাওয়া-পাওয়া নেই। তাদের আনন্দ দেখে এবং তাদের সদস্যপদ বাতিলের বিষয়টি জেনে সহজাতভাবেই আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। সেই আবেগকে নিয়ে যারা ট্রল করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। আপনারা এভাবেই ট্রল করতে থাকেন। তাতে আমাদের কিছু যাবে-আসবে না। কারণ আমি জানি আমি কী, আমার সৃষ্টিকর্তা জানেন আমি কী, শিল্পীরা জানেন আমরা কী।’
শেষে ক্ষমা প্রার্থনা করে বলেন, ‘কোনো কিছু অন্যভাবে নেওয়ার আগে, কিছু বলার আগে ভাবা উচিৎ, আমরাও মানুষ। আমাদেরও হাসি-কান্না আছে। আমরা চেষ্টা করি আবেগকে দমিয়ে রাখতে। কিন্তু অনেক সময় দীর্ঘদিনের দমিয়ে রাখা আবেগের বহিঃপ্রকাশ হয়ে যেতেই পারে। একজন বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে ধরে কেঁদে আমি যদি ভুল করে থাকি, আপনারা আমাকে ক্ষমা করবেন।’
