ঝালকাঠিতে চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল বৃদ্ধের

মোঃ নজরুল ইসলাম, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে পুকুরে মাছ ধরায় বাধা দিলে চাচাতো ভাইয়ের মারধরে খোকন চন্দ্র শীল (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার মালুহার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই সঞ্জয় চন্দ্র শীলের স্ত্রী লিপি চন্দ্র শীলকে আটক করেছে পুলিশ।

নিহতের পরিবার জানায়, খোকনের সঙ্গে পুকুর নিয়ে বিরোধ চলছিল চাচাতো ভাই সঞ্জয়ের। শনিবার রাতে পুকুরের মাছ জোর করে ধরে নিয়ে যাচ্ছিল প্রতিপক্ষরা। এতে বাধা দিলে চাচাতো ভাই সঞ্জয় চন্দ্র শীল ও তার স্ত্রী লিপি চন্দ্র শীল লোকজন নিয়ে খোকন চন্দ্র শীল ও তার ছেলে সঞ্জিব চন্দ্র শীলকে মারধর করেন। এতে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন।

পরিবারের লোকজন তাদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক খোকন চন্দ্র শীলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান জানান, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি নিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। ইতোমধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *