শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে আ.লীগ

নজর২৪ ডেস্ক- নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সংলাপে আওয়ামী লীগের ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নিতে যাচ্ছে।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে তারা বৈঠক করবেন। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেল ৪টায় বঙ্গভবনে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মো. আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে বিরোধী দল বিএনপি রাষ্ট্রপতির সংলাপে অংশ নেয়নি।

উল্লেখ্য, কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। এর মধ্যেই নতুন ইসি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *