নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নেতাকর্মী ও নির্বাচনী এজেন্টের গ্রেপ্তার প্রসঙ্গে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি জানি না কাকে কোথায় ধরা হচ্ছে। আমি শুধু শুনেছি বিএনপির এক নেতাকে ধরা হয়েছে, তার নামে হেফাজতের মামলা ছিল। আর কাকে ধরা হয়েছে এটা আমি জানি না, আমার জানার বিষয়ও না।
তিনি আরও বলেন, এটা প্রশাসন দেখবে। আমি সারাদিন ব্যস্ত, কোনো সহিংসতার সঙ্গে জড়িত না। কাউকে কখনও বলিনি কাউকে গ্রেপ্তার করেন। আমি শুধু চাই ভোটকেন্দ্র যেন পরিষ্কার থাকে। কোনো সন্ত্রাসী যেন ভোটকেন্দ্রে ঝামেলা করতে না পারে
বৃহস্পতিবার দুপুরে শহরের দেওভোগ এলাকায় নির্বাচনী প্রচারে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইভী।
সেলিনা হায়াত আইভী বলেন, ‘সরকারদলীয় প্রার্থী হিসেবে আমি কখনই বাড়তি সুবিধা পাইনি। বাড়তি সুবিধা নিতে আমি পছন্দ করি না। জনশ্রোত যেহেতু আমার সঙ্গে আছে, আমি কেন বাড়তি সুবিধা নিতে যাবো। আমিতো জনবিচ্ছিন্ন কেউ না।’
নৌকার আলোচিত এই প্রার্থী বলেন, ‘প্রশাসন কখনই আমার হাতের মুঠোয় ছিল না। আমি প্রশাসনকে হাতের মুঠোয় নেয়ার চেষ্টাও করিনি। আমি সবসময় মানুষের দোরগোড়ায় গিয়েছি। আমি আমার জনগণকে কাছে রাখার চেষ্টা করেছি। নট প্রশাসন।’
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী উল্লেখ করে আইভী বলেন, মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাঁরা কাকে ভোট দেবেন। নারায়ণগঞ্জে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে।
