আগের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার, বাস চলবে নতুন নিয়মে

নজর২৪ ডেস্ক- করোনা মহামারি প্রতিরোধে দেশের গণপরিবহন অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচলের সিদ্ধান্ত হয়। কিন্তু সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গণপরিবহনে যত আসন রয়েছে তত যাত্রী পরিবহন করা হবে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকালে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার আমাদের জানিয়েছেন শনিবার থেকে গণপরিবহনের যত আসন রয়েছে তত যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। কারণ অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করলে পরিবহন সংকট দেখা দেয়। এক্ষেত্রে যাত্রী এবং পরিবহন চালক ও হেলপারদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে।

খন্দকার এনায়েত উল্যাহ আরও বলেন, আমরা সকল পরিবহন মালিকদের বিআরটিএর এই বার্তা পৌঁছে দিয়েছি। এক্ষেত্রে যারা সরকারের স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সড়কে পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করেছি তারা যাতে বিষয়টি দেখেন। এজন্য আমাদের হেলপার ও চালকদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাবের পর সংক্রমণ ঠেকাতে সোমবার ১১ দফা বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এই বিধি-নিষেধে বাস-ট্রেন-লঞ্চে আবার অর্ধেক যাত্রী নিয়ে চলতে বলা হয়, যেমনটা গত বছর ও তার আগের করা হয়েছিল। রাষ্ট্রায়ত্ত ট্রেনের ভাড়া তখন না বাড়লেও অর্ধেক আসন খালি রেখে বাস ও লঞ্চ চলার ক্ষেত্রে ভাড়া বাড়ানো হয়েছিল।

ডিজেলের দাম বৃদ্ধিতে বাস ও লঞ্চের ভাড়া বাড়ানোর পর এবারও ভাড়া বাড়াতে বলছিল বাস মালিকরা। কিন্তু বুধবার (১২ জানুয়ারি) নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বিআরটিএর সঙ্গে বৈঠকে তাতে সাড়া মেলেনি। বলা হয়েছিল অর্ধেক যাত্রী নিয়ে চললেও আপাতত ভাড়া বাড়ছে না। অবশেষে এর একদিন পরই আগের সিদ্ধান্ত থেকে সরে এসে গণপরিবহনে যত আসন রয়েছে তত যাত্রী পরিবহন করার নতুন সিদ্ধান্ত নেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *