কমবে রাতের তাপমাত্রা, ফের বাড়বে শীত

পৌষের শেষ ভাগে এসে রাজধানী ঢাকায় হানা দিয়েছে বৃষ্টি। আগামী দুই দিনে দেশের অধিকাংশ এলাকায়ই বৃষ্টি নামবে-এমন পূর্বাভাস রয়েছে আবহাওয়াবিদদের। এরমধ্য দিয়ে তাপমাত্রা কমে শীত ফেরারও ইঙ্গিত মিলেছে।

রাজধানীতে মঙ্গলবার রাত ৯টার পরপরই বৃষ্টি শুরু হয়। ক্রমান্বয়ে তা বাড়তে থাকে। তা নগরবাসীর ভোগান্তিরও কারণ হয়ে ওঠে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী তিন দিনে আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় থেমে থেমে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে এ সময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা কমতে পারে। খবর বাসসের।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, দেশের অন্যত্র মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

তেঁতুলিয়ায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৩, ময়মনসিংহে ১৬ দশমিক ২, চট্টগ্রামে ১৭ দশমিক ২, সিলেটে ১৫ দশমিক ৮, রাজশাহী ১৬ দশমিক ৩, রংপুরে ১৩, খুলনায় ১৬ দশমিক ৫ এবং বরিশালে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *