বিনোদন ডেস্ক- পর্দা-জীবনের বাইরে ইলিয়াস কাঞ্চন নিজেকে সফল নায়ক হিসেবে প্রমাণ করেছেন রাজপথেও। তবে কোনও রাজনৈতিক ব্যানারে নয়, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের জনক হিসেবে তার এই জনপ্রিয়তা।
সেই ধারাবাহিকতায় এবার নির্বাচনের মাঠে বড় চমক হয়ে হাজির হলেন এই নেতা-অভিনেতা। ঘোষণা দিলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের সভাপতি পদে লড়াই করার।
গত শুক্রবার (৭ জানুয়ারি) বিকালে এক অনানুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে ইলিয়াস কাঞ্চনের প্যানেলে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তারের নামও চূড়ান্ত করা হয়।
জানা গেছে, ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। আগে থেকেই শোনা যাচ্ছিল এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে। এরই মধ্যে গতবারের বিজয়ী প্যানেলের সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান এবারও একটি প্যানেল চূড়ান্ত করেছেন।
আরেকটি প্যানেলে সাধারণ সম্পাদক পদে অভিনেত্রী নিপুণের নাম শোনা গেলও সভাপতি পদে কে নির্বাচন করবেন, তা নিয়ে অনেকটাই ধোঁয়াশা ছিল। মাসখানেক আগে এই পদে শাকিব খানের নাম শোনা গিয়েছিল। কিন্তু কয়েক দিন ধরে চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন ছড়িয়েছে এই প্যানেলে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চনের নাম। অবশেষে শুক্রবার বিকালে নির্বাচনে লড়ার কথা নিশ্চিত করেন ইলিয়াস কাঞ্চন নিজেই।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি সভাপতি পদে নির্বাচন করছি। সবাই আমাকে ধরলেন, ‘না’ করতে পারলাম না। চেষ্টা করে দেখি, এখানকার মানুষদের জন্য কিছু করা যায় কি না। যে জায়গা থেকে আমি ইলিয়াস কাঞ্চন হয়েছি, নির্বাচিত হয়ে সেই জায়গার মানুষদের জন্য কিছু একটা করতে পারলে নিজের কাছেই ভালো লাগবে।’
এর আগে ১৯৮৯ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন ইলিয়াস কাঞ্চন। সে সময় সভাপতি ছিলেন আহমেদ শরীফ। এবার তিনি নিজেই সভাপতি পদে লড়তে চলেছেন।
এদিকে শোনা যাচ্ছে এবারের মিশা-জায়েদ প্যানেলে সহ-সভাপতি পদে থাকছেন চিত্রনায়িকা মৌসুমীও। গত নির্বাচনে এই প্যানেলের প্রতিপক্ষ ছিলেন তিনি। সভাপতি পদে মিশা সওদাগরের কাছে পরাজিত হন।
অন্যদিকে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে আরো নির্বাচন করবেন নায়ক রিয়াজ, ফেরদৌস, ইমন, সাইমনসহ চলচ্চিত্রের অনেক তারকা শিল্পীরা।
