বিনোদন ডেস্ক- পরনে সাদা শাড়ি, তাতে নীল স্ট্রাইপ। সঙ্গে সাদা ব্লাউজ। মলিন মুখে, পা গুটিয়ে বসে আছেন তিনি। দৃষ্টি অপলক।
সম্প্রতি একটি স্থিরচিত্রে এভাবে ধরা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
ছোট চুলে, ফ্যাকাশে মুখে কেন মেহজাবীন এভাবে বসে আছেন? আরেকটি ছবিতে দেখা যাচ্ছে তিনি কারাগারে! কিন্তু কেন?
উত্তর জানা যাবে ওয়েব কনটেন্টে। শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছবি দুটি পাঠায় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। বোঝাই যাচ্ছে চরকির প্রযোজনায় নতুন কোনো কনটেন্টের ছবি এটি।
ব্যতিক্রমী সব চরিত্রে অভিনয় করে বরাবরই আলোচনায় থাকেন মেহজাবীন। আবারও তেমন কিছুই করতে যাচ্ছেন তিনি।
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি কিছুদিন আগে প্রকাশ করেছিল আফরান নিশোর নতুন একটি লুক। সেটিও দর্শক মহলে বেশ আলোচনার জন্ম দেয়। নিশো-মেহজাবীন এক হয়েই কাজটি করেছেন।
চরকির সঙ্গে এই প্রথম কাজ করলেন মেহজাবীন। তার এই লুক কোন কনটেন্টের জন্য তা এখনই প্রকাশ করছে না চরকি। এমন লুকে কবে, কখন মেহজাবীনকে দেখা যাবে তা জানতে চোখ রাখতে হবে চরকির পর্দায়।
