উপদেষ্টার পদ থেকে তৈমুরকে অব্যাহতি দিলো বিএনপি

নজর২৪, ঢাকা- জেলা আহ্বায়কের পদ থেকে অব্যাহতির পর এবার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার পদ থেকেও অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে অব্যাহতি দিয়েছি বিএনপি। সোমবার দলের এক চিঠিতে তাকে অব্যাহতির কথা জানানো হয়।

 

এক লাইনের ওই চিঠিতে বলা হয় ‘মাননীয় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্যের পদ থেকে আপনাকে প্রত্যাহার করা হয়েছে।’

 

সোমবার (৩ জানুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, তৈমূর আলম খন্দকারকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

 

তৈমূর আলমকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে কিনা জানতে চাইলে রিজভী আরও বলেন, না বহিষ্কার করা হয়নি। তার পদ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

 

অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছেন। তবে আওয়ামী সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত বিএনপির। এ কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে মত বিশ্লেষকদের।

 

এর আগে গত ২৬ ডিসেম্বর দলের জেলা কমিটির বর্তমান আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় তার স্থলে নতুন ‘ভারপ্রাপ্ত আহ্বায়ক’ নিয়োগ দেয় বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *