হৃদয় জয় করার মতো কাজ করতে চাই: পরীমণি

বিনোদন ডেস্ক- গত কয়েক মাসে পরীমণির জীবনে ঘটেছে ছন্দপতন। যার সঙ্গে অভিনয়ের তেমন একটা যোগ নেই বললেই চলে। তাকে পরিচিত হতে হয়েছে কোর্ট-কাচারি, বিচারক, আইনজীবী, হাজিরা, মামলা, রিমান্ড, বাদী-বিবাদী এই শব্দগুলোর সঙ্গে।

কখনও থানায় গিয়ে মামলার আকুতি, কখনও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক, পরে গ্রেপ্তার, কখনও রিমান্ড, আবার কখনও আদালতে হাজিরা দিতে হয়েছে।

কিন্তু নিন্দুকের কথায় কান না দিয়ে রুপালি জগতের ঝলমলে আলোয় নিজেকে আলোকিত করার চেষ্টা করে যাচ্ছেন লাস্যময়ী এই চিত্রনায়িকা। বর্তমানে সিনেমার কাজ নিয়ে পুরোদমে ব্যস্ত তিনি। হাতে রয়েছে একাধিক প্রজেক্ট।

২১ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা মুখোশ। সিনেমা মুক্তির আগে শুরু হয়েছে সিনেমাটির প্রচারণা। যার অংশ হিসেবে রোববার মুক্তি পেয়েছে মুখোশ সিনেমার টাইটেল ট্র্যাক।

গানটি নতুন বছরে ভক্ত-দর্শকদের গিফট বলে উল্লেখ করেছেন পরীমনি। তিনি বলেন, ‘সবাইকে তো বাসায় বাসায় গিয়ে গিফট করা সম্ভব না কিন্তু সবার প্রত্যাশা থাকে প্রিয় মানুষের কাছ থেকে সুন্দর কিছু গিফট পাওয়ার। তো আমার দর্শক-ভক্তরা যারা আছেন, তাদের জন্য এই গানটি নতুন বছরে বা এ সিনেমাটি নতুন বছরের গিফট। আমি আশা করব যে সবার এ কাজটি পছন্দ হবে।’

এ সময় নতুন বছরের ভাবনাও জানিয়েছেন পরী। তিনি বলেন, ‘নতুন বছরের প্রত্যাশা বরাবরই সুন্দর সুন্দর কাজ করার; নিজের কাজকে ছাড়িয়ে যাওয়ার এবং উদাহরণ সৃষ্টি করার মতো কাজ করা। চাঁদে যাওয়ার মতো কোনো প্রত্যাশা করি না, সবার ভালোবাসা নিয়ে হৃদয় জয় করার মতো কাজ করতে চাই।’

মুখোশ সিনেমায় পরীমনির চরিত্র একজন অবরাধ বিষয়ক সাংবাদিকের। চরিত্রটি নিয়ে উচ্ছ্বসিত পরীমনি বলেন, ‘সিনেমায় আমার ক্যারেক্টারের নাম সোহানা সাবরিনা। স্বপ্নজাল সিনেমাটি করার পর থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে কোনো নতুন সিনেমায় যুক্ত হওয়ার পর ক্যারেক্টার নিয়ে কোনো ধারণা দেব না দর্শকদের। ইদানীং যেমন কোন সিনেমায় আমার লুক কেমন, সেসব ছবি একদমই দিচ্ছি না সোশ্যাল মিডিয়াতে। আমি এ রকমই চাই আসলে, সবকিছু সুন্দর করে গুছিয়ে সবার সামনে প্রেজেন্ট করতে চাই।’

সিনেমাটিতে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে নায়িকা বলেন, ‘এই সিনেমা করতে গিয়ে কোনো কষ্ট হয়নি। সবসময় মনে হয়েছে সবাই আমার বাড়ির লোক। মোশাররফ করিম ভাই প্রথম তো দেশি লোক। প্রথম দিন থেকে আমাদের ভালো সম্পর্কে হয়েছে। কখনো মনে হয়নি যে এতো বড় অভিনেতার সঙ্গে কাজ করছি। সেই ফিল করতে দেননি তিনি। তার সামনে তো আমি নাদান তারপরও। এই কাজটা একজন মোশাররফ করিমই করতে পারেন।’

‘মুখোশ’ পরিচালনা করেছেন নবাগত পরিচালক ইফতেখার শুভ। পরীমনি ছাড়াও সিনেমাটিতে সুপারস্টারের ভূমিকায় রোশন ও নেতা চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। আরও আছেন আজাদ আবুল কালাম, রাশেদ মামুন অপু, ইরেশ যাকের, প্রাণ রায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *