Home জাতীয় বিএনপির সমাবেশে বাধা নয়, সরকার সহযোগিতা করছে: কাদের

বিএনপির সমাবেশে বাধা নয়, সরকার সহযোগিতা করছে: কাদের

0
173

নজর২৪, ঢাকা- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিভিন্ন জেলার কর্মসূচিতে সরকার নাকি বাধা দিচ্ছে—এসব বিএনপির অপপ্রচার। তাদের মিথ্যাচার সর্বজনবিদিত। বাধা তো নয়ই বরং সরকার সহযোগিতা করেছে।

 

সোমবার (৩ জানুয়ারি) ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন।

 

কাদের বলেন, সরকার সহযোগিতা না করলে এ পর্যন্ত ৩২ জেলায় সমাবেশ করতে পারতো কি? বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের দায় সরকারের ওপর চাপানো তাদের স্বভাব।

 

তিনি বলেন, ‘জনগণ কি চায়, কি চায় না – তার মানদণ্ড বা পরিমাপক হচ্ছে নির্বাচন। একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে শেখ হাসিনা সরকার অত্যন্ত আন্তরিক। জনগণ চাইলে বিএনপিই ক্ষমতায় আসবে।’

 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নিয়েই তাদের রাজনীতি। সাম্প্রদায়িক উগ্রবাদকে সঙ্গে নিয়ে বিএনপি অসাম্প্রদায়িকতার কথা বলে।

 

সরকারের পতন ঘণ্টা বেজে গেছে—বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে বিএনপি নেতারা এতটাই অন্ধ ও বধির যে, বহু আগেই জনগণ তাদের পতন ঘণ্টা বাজিয়ে দিয়েছে, তা তারা শুনতে পায় না।

 

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের প্রশ্ন রেখে বলেন, আন্দোলন আর নির্বাচনে চরম ব্যর্থতায় কি তাদের শেষ ঘণ্টা বাজেনি?

 

বিএনপির কথা ও কাজে মিল নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের ডাবল স্ট্যান্ডার্ড নীতি তাদেরই রাজনীতির অন্যতম প্রধান বাধা। জনগণ কী চায়, কী চায় না—তার মানদণ্ড বা পরিমাপক হচ্ছে নির্বাচন। একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে শেখ হাসিনা সরকার অত্যন্ত আন্তরিক।

 

নির্বাচনের বাইরে গিয়ে অন্য কোনো চোরাগলি খোঁজা সংবিধানসম্মত নয় উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, এসব অপতৎপরতা গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীতে অবস্থান করছে। বিএনপিকে কথামালার ফেনায়িত তরঙ্গ না তুলে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here