Home জলবায়ু ও পরিবেশ ঢাকায় ১০ কিলোমিটার বেগে বাতাস বইছে

ঢাকায় ১০ কিলোমিটার বেগে বাতাস বইছে

0
226

নজর২৪, ঢাকা- রাজধানীতে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

রোববার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলাসহ শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আবহাওয়ার এমন পরিস্থিতি দেশজুড়ে এক থেকে দুই দিন অব্যাহত থাকবে।

চলতি জানুয়ারি মাসেই দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানায় রাষ্ট্রীয় সংস্থাটি। এ সময়ে তাপমাত্রা নেমে যেতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ‘রোববার ঢাকার তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া অপরিবর্তিত থাকবে।

‘দেশের কিছু কিছু জায়গায় তাপমাত্রা কমে এসেছে। তবে রাতে কমার আশঙ্কা কম। এক-দুই দিন এভাবেই চলবে। এরপর বৃষ্টি ও শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। জানুয়ারির ৪ অথবা ৫ তারিখের দিকে বৃষ্টি ও শৈত্যপ্রবাহ আসতে পারে। এই শৈত্যপ্রবাহ দুই-তিন দিন স্থায়ী হবে।’

এই আবহাওয়াবিদ জানান, উপমহাদেশীয় উচ্চ চাপবলয়ের বর্ধিতাংশ বাংলাদেশ পর্যন্ত এলে শীত জেঁকে বসতে পারে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আসা স্বাভাবিক লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার সকাল থেকে ঢাকায় উত্তর এবং উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এদিন সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here