চালককে সরিয়ে নিজেই অটো চালালেন সালমান খান

বিনোদন ডেস্ক- বলিউডের সবচেয়ে প্রভাবশালী তারকা তিনি। দীর্ঘ কর্মজীবনে গড়েছেন হাজার হাজার কোটি টাকার সম্পদ। সেই সুপারস্টার কিনা চালাচ্ছেন অটো! অবাক করার মতো হলেও বিষয়টি সত্য। এই অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন বলিউড ভাইজান সালমান খান।

 

নেট দুনিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গেল, মুম্বাই থেকে ৩৫ কিলোমিটার দূরে পানভেলের রাস্তায় অটো চালাচ্ছেন সাল্লু। জনবহুল রাস্তায় হঠাৎ তাকে এমন অবস্থায় দেখে হতবাক সাধারণ মানুষও।

 

গত ২৭ ডিসেম্বর ছিল সালমান খানের জন্মদিন। এর দু’দিন আগেই তিনি পানভেলে অবস্থিত তার ফার্মহাউজে সাপের কামড় খেয়েছিলেন। তবে বিষাক্ত সাপ না হওয়ায় তেমন ক্ষতিগ্রস্ত হননি অভিনেতা।

 

জন্মদিনের দু’দিন পর অটো চালিয়ে আলোচনার জন্ম দিলেন সালমান। গাড়ি নিয়ে যাওয়ার সময় হঠাৎ রাস্তায় নেমে পড়েন। এরপর এক অটোর সামনে গিয়ে সেটার চালককে উঠে যেতে বলেন এবং নিজে চালকের আসনে বসেন। অতঃপর কিছুটা পথ অটো চালানোর অভিজ্ঞতা নেন ভাইজান।

 

সেই দৃশ্য দেখে অনেকেরই চোখ কপালে। দাঁড়িয়ে ছবি তোলেন অনেকেই। এর আগেও বহু বার অটো চালক হয়েছেন ভাইজান।

 

ভিডিওতে দেখা যায়, হাফ প্যান্ট, টিশার্ট ও মাথায় টুপি পরে অটোর চালকের আসনে বসে রয়েছেন সালমান। দক্ষ হাতে অটো চালালেন তিনি। পাপারাজ্জির বদৌলতে সালমানের অটো চালানোর ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

 

অনুরাগীরা ভিডিওর নিচে বিভিন্ন কমেন্টে মাতেন। একজন মজা করে লিখেছেন, অভিনেতা না হলে সাল্লুভাই এটা করতেন। আরেকজন লিখেছেন, ভাইজানকে এই অবস্থায় দেখে ভালো লাগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *