গোলাম রাব্বানীর বিরুদ্ধে আদালতে অভিযোগ

নজর২৪ ডেস্ক- ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

 

বুধবার (২৯ ডিসেম্বর) বিকালে মাদারীপুরের রাজৈর উপজেলার মধ্য শাখারপাড় গ্রামের আব্দুল গনি মাতুব্বর নামে এক ব্যক্তি আদালতে অভিযোগ করেছেন।

 

অভিযোগটি গ্রহণ করে আদেশের জন্যে অপেক্ষমান রেখেছেন মাদারীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক ফয়সাল আল মামুন।

 

এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ ডিসেম্বর সমর্থকদের নিয়ে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের মধ্য শাখারপাড় গ্রামে আব্দুল গনি মাতুব্বরের বাড়িতে হামলা চালান গোলাম রাব্বানী। এ সময় কয়েকজনকে পিটিয়ে আহত করেন তারা। মূল্যবান মালামালও লুট করে নিয়ে যান। এ ঘটনায় গোলাম রাব্বানীকে প্রধান করে ৮ থেকে ১০ জনের নাম উল্লেখ করে অর্ধশত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

 

বাদীপক্ষের আইনজীবী ফায়জুর রহমান হিরু বলেন, আদালত অভিযোগ গ্রহণ করেছে। তবে বুধবার বিকাল পর্যন্ত কোনও আদেশ দেয়নি। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) আদেশ দিতে পারে।

 

অভিযোগের বিষয় মন্তব্য করতে রাজি হননি গোলাম রাব্বানী। তার বাবা এম এ রশীদ আজাদ বলেন, ‘আমার ছেলেকে ২৬ ডিসেম্বর ইশিবপুর ইউনিয়নের নির্বাচনে গ্যাংকান্দি এলাকায় মারাত্মক জখম করে মোশারফ মোল্লার লোকজন। এই মামলায় মোশারফ মোল্লার ছেলে সোহেল মোল্লা কারাগারে আছে। আব্দুল গনি মাতুব্বর তাদের পক্ষের। আমার ছেলেকে হয়রানি করতে এই অভিযোগ দেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *