তেলের দাম বাড়ায় অনেক গালি শুনেছি: বাণিজ্যমন্ত্রী

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- সারাবিশ্বে চিনি ও ভোজ্যতেলের দাম বেড়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এটা বৈশ্বিক সমস্যা। তারপরও আমরা দাম কমিয়ে আনার চেষ্টা করছি। তিনি বলেন, সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় অনেকে আমায় গালিগালাজ করেছে।

 

মঙ্গলবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা সুবিধা পাওয়ার জন্য যুদ্ধ করেননি। তারা বাঙালি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধ করেছেন। অনেকে জীবন দিয়েছেন। সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের ফিল করেন। তাদের সুযোগ-সুবিধা বাড়ানোসহ জীবনমান উন্নয়নে সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন।

 

মন্ত্রী আরও বলেন, ‘দীর্ঘ ৫০ বছরে দেশ অনেক এগিয়ে গেছে। মানুষের রোজগার বেড়েছে। এখন বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। বিশ্বব্যাংক ঋণ নেওয়ার জন্য আমাদের সাধে। আগে এ রকম ছিল না।

 

তিনি বলেন, গত বছর করোনা মহামারির সময় বাংলাদেশের দৃশ্যমান উন্নয়ন দেখেছে বিশ্ব। পাকিস্তান এখন সব ক্ষেত্রে আমাদের চেয়ে শতকরা ৫০ ভাগ পিছিয়ে। এটা সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারণে।

 

এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী। পরে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে হাঁড়িভাঙা, দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু।

 

বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল। অনুষ্ঠানে রংপুর মহানগরসহ আট উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *