Home জলবায়ু ও পরিবেশ আগামী সপ্তাহে শুরু হবে তীব্র শৈত্যপ্রবাহ: আবহাওয়া অফিস

আগামী সপ্তাহে শুরু হবে তীব্র শৈত্যপ্রবাহ: আবহাওয়া অফিস

0
147

নজর২৪ ডেস্ক- রবিবার (২৭ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও এর আশপাশের এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

 

আবহাওয়াবিদ ওমর ফারুক সংবাদমাধ্যমকে বলেন, চলতি মাসের একেবারে শেষদিকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টি হতে পারে। এরপর কমতে শুরু করবে তাপমাত্রা। জানুয়ারি মাসের ২-৩ তারিখের দিকেই শৈত্যপ্রবাহ হতে পারে। ৪ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। ৮-এর নিচে হলে তাকে আমরা মাঝারি শৈত্যপ্রবাহ বলি, আর ৪-৫ হলে তীব্র।

 

আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, জানুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে ২-৩টি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস), মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে ২টি তীব্র অর্থাৎ ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

 

এছাড়া এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশা পড়তে পারে।

 

এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৫-১০ কি.মি.।

 

রোববার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here