ব্ল্যাকমেইলের শিকার শাবনূর!

বিনোদন ডেস্ক- চিত্রনায়িকা শাবনূর অভিনয়ে নেই অনেক দিন। একমাত্র সন্তান আইজান নেহানকে নিয়ে থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে। গত ১৪ ডিসেম্বর ছিল শাবনূরের জন্মদিন। সেই উপলক্ষে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু কোনো কারণে আসতে পারেননি। তবে জন্মদিন উপলক্ষে ভক্তদের একটি উপহার দিয়েছেন অভিনেত্রী। নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি।

 

শাবনূরের নিজের নামে খোলা এই চ্যানেলে এরইমধ্যে তিনটি ভিডিও আপলোড করেছেন। যদিও প্রথম দুটি ছিল এনাউন্সমেন্ট। কনটেন্ট হিসেবে শুক্রবার (২৪ ডিসেম্বর) একটি ভিডিও শেয়ার করেছেন নায়িকা। সেখানে তাকে তার বোনের মেয়ে ইনাইয়ার সঙ্গে নাটকীয় ভঙ্গিমায় দুষ্টুমি করতে দেখা গেছে।

 

ভিডিওতে দেখা যায়, শাবনূরের প্রিয় কসমেটিক্স ইচ্ছেমতো ব্যবহার করছেন ইনাইয়া। আবার ড্রেসিং টেবিলে সেগুলো এলোমেলো করে ফেলে রেখেছেন। যা দেখে রেগে যান শাবনূর। কিন্তু রাগান্বিত নায়িকাকে মুহূর্তেই বশে বশ করে ফেলেন ইনাইয়া। শাবনূরের ‘সিক্রেট’ ফাঁস করে দেওয়ার হুমকি দেন তিনি।

 

হুমকি শুনে মুহূর্তেই চুপসে যান শাবনূর। নিজের ক্রেডিট কার্ড পর্যন্ত দিতে রাজি হয়ে যান নায়িকা। শাবনূরকে ব্ল্যাকমেইল করে কিশোরী ইনাইয়া হাত ও কাঁধের ম্যাসাজও করিয়ে নেন। ইনাইয়ার দাবি শুনে এক পর্যায়ে কেঁদে ফেলেন শাবনূর।

 

আসলে পুরো ব্যাপারটিই ঘটেছে মজার ছলে। শাবনূর তার ভক্তদের আনন্দ দেওয়ার জন্যই এই ভিডিও বানিয়েছেন। এখন থেকে নিয়মিতই মজাদার, আড্ডার ভিডিও আপলোড করবেন ইউটিউব চ্যানেলে, এমনটাই জানিয়েছেন নায়িকা।

 

২০১২ সালে ব্যবসায়ী অনিক মাহমুদকে বিয়ের পর সিনেমা থেকে দূরে সরে যেতে থাকেন শাবনূর। এরপর তিনি অস্ট্রেলিয়ায় চলে যান এবং সেখানকার স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস শুরু করেন। গত বছরের ফেব্রুয়ারিতে অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের বিবাহবিচ্ছেদ হয়। তাই এখন সন্তানকে নিয়েই প্রবাস জীবন কাটছে নায়িকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *