Home জলবায়ু ও পরিবেশ শৈত্যপ্রবাহ নিয়ে আবার দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর

শৈত্যপ্রবাহ নিয়ে আবার দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর

0
332

নজর২৪ ডেস্ক- চলতি মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে। তবে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি সপ্তাহে দেশের কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে পড়া শীত আরও তিন-চার দিন অব্যাহত থাকতে পারে।

 

বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হয়নি। বুধবারের তুলনায় আজ তাপমাত্রা শূন্য দশমিক এক ডিগ্রি সেলসিয়াস কমেছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা আজ কমে ৮ দশমিক ৭ ডিগ্রিতে দাঁড়িয়েছে।

 

‘আগামী তিন-চার দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকবে। এই মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে। ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাপমাত্রা দেশের কোথাও কোথাও কিছুটা কমতে পারে। তবে খুব বেশি না। এ জন্য বলেছি, আগামী তিন-চার দিন আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না।’

 

আবহাওয়া অধিদপ্তর জানায়, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র সাময়িক আকাশ মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

 

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।

 

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

 

আবহাওয়া অধিদপ্তর জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো টেকনাফে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here