বিনোদন ডেস্ক- গতকাল যমুনা ব্লকবাস্টারে উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল নতুন ছবি ‘মৃধা বনাম মৃধা’র। রনি ভৌমিক পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তারিক আনাম খান, নোভা ফিরোজ প্রমুখ। ছবিতে তারিক আনাম খান ও সিয়াম আহমেদকে বাবা ও ছেলের চরিত্রে দেখা যাবে।
উদ্বোধনী প্রদর্শনীতে আমন্ত্রিতদের সঙ্গে বসে ‘মৃধা বনাম মৃধা’ উপভোগ করেন চিত্রনায়ক সিয়ামের বাবা নাসির আহমেদ। ছিলেন সিয়ামের মা মাহমুদা বেগম এবং স্ত্রী অবন্তীও।
পরিবার, পিতাপুত্র ও পুত্রবধুর সম্পর্কের সমীকরণ, আবেগ, দ্বন্দ নিয়ে নির্মিত ‘মৃধা বনাম মৃধা’ উপভোগ করে কাঁদতে কাঁদতে হল থেকে বের হন দর্শক। সিনেমাটি দেখে সবাই মত দিচ্ছেন, চলতি বছরে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে সেগুলোর মধ্যে সেরা সিয়ামের ‘মৃধা বনাম মৃধা’।
অভিনেতা তারিক আনাম খান বারবার অভিনয় সমৃদ্ধ কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। সেই সঙ্গে সিয়ামও অভিনয় দিয়ে দর্শককে দারুণভাবে মুগ্ধ করেছেন। প্রথম সিনেমাতেই নোভা রীতিমত সবাইকে অবাক করেছন। সিনেমাটির মাধ্যমে দীর্ঘদিন পর আবারও বাংলা সিনেমার দর্শক ‘পিউর ফ্যামিলি ড্রামা’ সিনেমা পেতে যাচ্ছেন!
সিনেমাটি যেমন প্রিমিয়ারে দর্শকদের মন ছুঁয়ে যায়, তেমনি সিয়ামের বাবা নাসির আহমেদ নিজেও মুগ্ধ হন সন্তানের এমন কাজে। বিশেষ প্রদর্শনী শেষে চোখ মুছতে মুছতে নাসির আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, আমার ছেলে ১০০ এর মধ্যে ২০০ নাম্বার পাওয়ার মতো অভিনয় করেছে। সে সামাজিক ও পারিবারিক গল্পের এই সিনেমায় সাবলীলভাবে অভিনয় করেছে। সিয়াম ছাড়াও তারিক আনাম সাহেব, নোভাও খুব ভালো অভিনয় করেছে। সকল দর্শকদের এমন ভালো সিনেমা দেখা উচিত।
সিয়ামের বাবা নাসির আহমেদ বলেন, একটি প্রয়াস তখনই সুন্দর ও সার্থক হয় যখন সেটা সমাজ ও সমাজস্থ মানুষের কথা বলে। সিনেমাটি দেখার সময় অনেকে কেঁদেছে। আমি নিজেও কেঁদেছি। টিস্যু দিয়ে কয়েকবার চোখ মুছেছি। বিশেষ করে সিনেমার শেষে যখন বাবা ছেলে কাঠগড়ায় মুখোমুখি হন সেই দৃশ্যটা সবচেয়ে মনে ধরেছে। এটা এমন এক গল্পের সিনেমা নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও কান্না থামাতে পারিনি। আবেগ চলে এসেছে।
তিনি বলেন, এটা নায়ক নায়িকা নির্ভর সিনেমা নয়। গল্প চরিত্র অভিনয় সমৃদ্ধ একটি সিনেমা। সেই হিসেবে সিয়াম অভিনেতা হিসেবে খুব চমৎকার করেছে। একজন অভিনেতার কাজ তখনই সফল হয় যখন সে সমস্ত প্রচেষ্টা দিয়ে মানুষকে ভাবাতে পারে কাঁদাতে পারে। আমি মনে করি সিয়াম সেটা পেরেছে হান্ড্রেডে টু হান্ড্রেড পারসেন্ট। বাকি সবাই নিজস্ব আঙ্গিকে দুর্দান্ত অভিনয় করেছে।
২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘মৃধা বনাম মৃধা’। ছবিতে আরও অভিনয় করেছেন তৌফিকুল ইসলাম, নিমা রহমান, সানজিদা প্রীতি প্রমুখ।
