এবার ‘জিরো ফিগার’ নায়িকা এনে চমক দিলো জাজ!

বিনোদন ডেস্ক- ‘জিরো ফিগার’ শব্দটি শুনলেই সবার চোখে ভাসে বলিউড নায়িকাদের চেহারা। মুম্বাই ইন্ডাস্ট্রিতে রোগা-পাতলা গড়নের নায়িকাদের চাহিদাই বেশি। কয়েক বছর আগেও নায়িকাদের জনপ্রিয়তা পাওয়ার অন্যতম হাতিয়ার ছিল জিরো ফিগার। অবশ্য এখন পরিস্থিতি কিছুটা বদলেছে।

 

এদিকে ঢাকার সিনেমায় এখনো পর্যন্ত জিরো ফিগারের কোনো নায়িকাকে দেখা যায়নি। মাঝারি গড়নের নায়িকারাই বাংলা সিনেমার পর্দায় উঠে এসেছে। এবার সেই ধারা ভাঙতে চলেছে। প্রথমবারের মতো জিরো ফিগারের নায়িকা আসছে দেশীয় কনটেন্টে।

 

খবরটি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তাদের ওয়েব সিনেমা ‘মোনা’তেই দেখা যাবে সেই নায়িকাকে। যার নাম আরিয়ানা জামান। সোশ্যাল মিডিয়ায় এ তরুণীর দুটি ছবি পোস্ট করে প্রতিষ্ঠানটি দাবি করেছে, “এই প্রথম জাজ ‘জিরো ফিগার’র একজন সুন্দরী নায়িকাকে দর্শকের সামনে নিয়ে আসবে।”

 

জাজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে লেখা হয়েছে, ‘আমরা কি জিরো ফিগার বা সুন্দর ফিগারের জন্য সব সময় বলিউডের কারিনা, দীপিকা বা শিল্পা শেঠিদের দেখে যাব? ঢালিউডে কি কেউ আসবে না?’

 

পোস্টে আরও বলা হয়েছে, ‘আমাদের সিনিয়ররা এখনও বলেন, বাংলাদেশের দর্শক জিরো ফিগার পছন্দ করে না। তবে জাজ তা বিশ্বাস করে না। পুরোনো দর্শকের কথা জানি না, বর্তমানে দর্শক অনেক বেশি আধুনিক এবং রুচিসম্মত। এই সময়ের দর্শক যুগের সঙ্গে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলে।

 

‘সে কথা মাথায় রেখে জাজ মাল্টিমিডিয়া শুরু থেকেই সুন্দরী এবং স্লিম ফিগার নায়িকাদের পর্দায় হাজির করার চেষ্টা করেছে। জাজের সঙ্গে নিয়মিত কাজ করা নায়িকা বা শিল্পীদের নিয়মিত জিম, ফাইট ও অভিনয় প্রশিক্ষণে অংশ নিতে হয়।’

 

জিরো ফিগারের নায়িকার নাম প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠানটি লিখেছে, ‘হয়তো এত দিন লম্বা এবং জিরো ফিগার উপহার দিতে পারিনি, কিন্তু এই প্রথম উপস্থাপন করতে যাচ্ছি। নাম আরিয়ানা (আরিয়ানা জামান)। একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিবিএ দ্বিতীয় সেমিস্টারে পড়ছে। আরিয়ানার বিশেষ গুণের একটি হচ্ছে, নাচে সে দারুণ পারদর্শী।

 

‘মোনা চলচ্চিত্রের মাধ্যমে আরিয়ানার অভিষেক হতে যাচ্ছে। সবাই আরিয়ানার জন্য দোয়া করবেন। পরিশেষে একটি কথা না বললেই না, আরিয়ানা যদি নিয়মিত নিজেকে মেইনটেইন করে, বাংলা চলচ্চিত্রে ভালো অবস্থান তৈরি করবে এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একজন অসাধারণ শিল্পী পাবে।’

 

উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ওয়েব সিনেমা ‘মোনা’য় এরই মধ্যে যুক্ত হয়েছেন আহমেদ রুবেল, দীপা খন্দকার ও তারিক আনাম খান। নতুনদের মধ্যে থাকছেন সাজ্জাদ, সামিনা বাশার ও সেমন্তী সৌমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *