‘ওসির ফোন’ পেয়ে প্রায় ৩ লাখ টাকা বিকাশে পাঠালেন নৌকার প্রার্থী

নজর২৪, গাইবান্ধা- গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। প্রতারক উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কাছ থেকে দুই লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।

 

এ ঘটনায় শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ও ভুক্তভোগী মুন্সি রেজওয়ানুর রহমান থানায় অভিযোগ করেছেন।

 

আগামী ২৬ ডিসেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। মহিমাগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সি রেজওয়ানুর রহমান।

 

লিখিত অভিযোগে মুন্সি রেওয়ানুর রহমান উল্লেখ করেন, গোবিন্দগঞ্জ থানার ওসির সরকারি মোবাইল নাম্বার থেকে তার কাছে ফোন আসে। ফোনে ২৬ ডিসেম্বরের নির্বাচনে নৌকার প্রার্থীদের জেতানোর আশ্বাস দেওয়া হয়। এরপর ম্যাজিস্ট্রেট পরিচয়ে একজনের সঙ্গে কথা বলে খরচ বাবদ টাকা পাঠাতে বলে। তাদের কথামতো ছয়টি নম্বরে দুই লাখ ৮০ হাজার টাকা পাঠিয়ে দেন। পরে ঘটনাটি প্রতারণা বুঝতে পেরে থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দিন জানান, ভুক্তভোগীর অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। প্রতারক চক্রকে শনাক্তের চেষ্টা চলছে। এমন ঘটনা থেকে প্রার্থীসহ সর্বসাধারণকে সর্তক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *