আমার সহধর্মিণী জানে আমি কেমন: ইমন

নজর২৪ ডেস্ক- সম্প্রতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির পুরোনো একটি ফোনালাপ সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়। যা নিয়ে গত কয়েকদিন ধরে তোলপাড় গোটা দেশ। কত কিছুই না হয়ে গেল ওই ফোনালাপ নিয়ে। ডা. মুরাদ প্রতিমন্ত্রীর পদ হারালেন, দলীয় পদ হারালেন, নায়ক ইমনকে দুই দফায় ডিবি কার্যালয়ে এবং একবার র‌্যাবের হেড অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো।

 

তবে জিজ্ঞাসাবাদে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইমনের ‘অনৈতিক সম্পৃক্ততা’ খুঁজে পায়নি। সেই মানসিক ধকল কাটিয়ে অনেকটা স্বস্তিতে ফিরেছেন চিত্রনায়ক ইমন।

 

এরমধ্যেই এ অভিনেতার ‘আগামীকাল’ নামের একটি সিনেমা মুক্তি পাচ্ছে ২৪ ডিসেম্বর। সিনেমাটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ। যিনি নাটক নির্মাণ করে সুনাম অর্জন করেছেন। ‘আগামীকাল’ তার প্রথম সিনেমা।

 

গণমাধ্যমের সঙ্গে আলাপে চিত্রনায়ক ইমন বলেন, সাইকো থ্রিলার ধাঁচের সিনেমা ‘আগামীকাল’। এক কথায় গল্প নির্ভর সিনেমা। পরিচালক অঞ্জন দার প্রথম সিনেমা। অনেক বছর যাবত বিভিন্ন গল্পে নাটক পরিচালনা করে তিনি অভিজ্ঞ হয়েছেন।

 

এদিকে ব্যক্তিগত জীবনে ‘অপ্রীতিকর ঘটনা’ সিনেমা বা ক্যারিয়ারে কোনো বাজে প্রভাব ফেলবে না উল্লেখ করে ইমন বলেন, কয়েক মিনিটের একটা ফোন কলের উপর ভিত্তি করে মানুষকে বিচার করা যায় না। যারা আমাকে ভালোবাসে তারা জানে আমি কেমন। একেবারে প্রথমদিন থেকে আমি প্রত্যেকটা গণমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছি। নিজেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছি। সবকিছু মিলিয়ে মানুষ আসল ঘটনা বুঝতে পেরেছে। তারা আমার পাশে ছিল, আছে এবং আগামীতে থাকবে।

 

ইমন বলেন, আমি কেমন মানুষ আমার সহশিল্পীরা জানেন। মাহি নিজেও জানে ঘটনাটা কী ছিল। তবে ঘটনাটা ঘটার পর নিজের কাছে খুব খারাপ লেগেছে। একদিন না একদিন সবাই বলবে ইমন ঠিক ছিল। তার কোনো দোষ নেই। এই খারাপ সময়টা আমি মনে করতে না চাইলেও হয়তো মনে থাকবে। সবচেয়ে বড় কথা নিজের সততার উপর নিজের পূর্ণ বিশ্বাস আছে, আঘাত পেয়েছি এটা সত্য। আমার সহধর্মিণী জানে আমি কেমন। সে আমাকে ‘ডোন্ট ওরি’ বলে মানসিক সাপোর্ট দিয়েছে।

 

নায়ক ইমন শিল্পী সমিতির বর্তমান কমিটির আন্তর্জাতিক সম্পাদক। নিজে সংগঠনটির নেতৃত্বে থেকেও সংগঠনের কাউকেও পাশে পাননি বলে জানালেন। বলেন, শিল্পী সমিতি থেকে কাউকে পাশে পাইনি। প্রথমদিন সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদ খান একবার ফোন দিয়েছিল। ধরতে না পেরে পরে কল ব্যাক করলে সে ধরেনি। আর কাউকেই পাইনি। সাতদিন পর সোমবার (১৩ ডিসেম্বর) মিশা ভাই কল করে বলে আমেরিকা থেকে দেশে এসেছি। পাশে আছি। কিন্তু সাতদিন পর সব বিপদ কেটে যাওয়ার পর পাশে আছি বলে লাভটা কী?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *