নজর২৪, গাইবান্ধা- গাইবান্ধার পলাশবাড়িতে ১২ বছরের বিবাহিত জীবনের ইতি টেনে স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন স্বামী গোলাম মোস্তফা। চূড়ান্তভাবে এই বিচ্ছেদ হওয়ায় অনেক খুশি তিনি। এ ঘটনায় গোলাম মোস্তফা এতটাই উচ্ছ্বসিত যে এলাকায় দুই মণ জিলাপি বিতরণ করেছেন। মিষ্টিমুখে অংশ নেয় তার বন্ধু ও আত্মীয়-স্বজনরাও।
রবিবার (১২ ডিসেম্বর) বিকালে ঘটনাটি ঘটেছে পলাশবাড়ি উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর বাসুদেবপুর গ্রামে। স্বামী-স্ত্রী উভয়ের সম্মতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে এই ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন করেন স্থানীয় নিকাহ রেজিস্ট্রার কাজী মো. শাহ আলম সরকার।
এদিকে, ঘটনাটি জানাজানির পর থেকেই এলাকাজুড়েই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পেশায় ধান-চাল ব্যবসায়ী গোলাম মোস্তফা বাসুদেবপুর গ্রামের নজির হোসেনের ছেলে। গোলাম মোস্তফা ২০০৯ সালে ওই নারীকে বিয়ে করেন। তাদের সংসারে ১০ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
জানা গেছে, প্রায় ১২ বছর আগে একই গ্রামের বিউটি বেগমের সঙ্গে গোলাম মোস্তফার বিয়ে হয়। বিয়ের পর থেকে কয়েক বছর তাদের সংসার ভালোই চলে। ইতোমধ্যে তাদের সংসারে একটি কন্যাসন্তানের জন্ম হয়। পরে তাদের মধ্যে মনমালিন্য হলে শুরু হয় কলহ। এ কারণে আজকে দু’জনের সম্মতিতে তাদের ডিভোর্স হয়েছে।
এ বিষয়ে গোলাম মোস্তফা বলেন, স্ত্রী আমার কথার অবাধ্য ছিল। এই অত্যাচার থেকে বাঁচতে আজকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।
তিনি আরও বলেন, স্থানীয়দের উপস্থিতিতে দুজনের সম্মতিতে ডিভোর্স হয়েছে। আমি আজকে মুক্ত হয়েছি। তাই খুশি হয়ে গ্রামে দুই মণ জিলাপি বিতরণ করলাম। গ্রামের সবাইকে খাওয়াতে আরও জিলাপির প্রয়োজন হলে তাও বিতরণ করব।
