রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ে নিজামপুর পুলিশ ফাঁড়ি এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালকের মৃত্যু হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত পিকআপের চালক চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার ফজল কাদেরের ছেলে মো. হেলাল (৪২)। দুর্ঘটনায় আহত হয়েছে চালকের সহকারী।
এই ব্যাপারে কুমিরা হাইওয়ে থানার এএসআই এমরান উদ্দিন জানান, দুর্ঘটনাস্থল থেকে আহত অবস্থায় চালক মো. হেলালকে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। অপরদিকে আহত হেলপার মোস্তফাকে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
