Home বিনোদন যুক্তরাষ্ট্র থেকেই সুখবর দিলেন নায়ক বাপ্পি

যুক্তরাষ্ট্র থেকেই সুখবর দিলেন নায়ক বাপ্পি

0
289

বিনোদন ডেস্ক- বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী। সেখানে থেকেই নতুন ছবির খবর জানালেন ঢলিউড এই নায়ক। ছবিটির নাম ‘কুস্তিগির’ পরিচালনা করবেন শাহীন সুমন।

 

ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা নায়কের অ্যাওয়ার্ড নিতে গত ৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্র যান বাপ্পি। ৫ ডিসেম্বর আয়োজিত ওই অনুষ্ঠান থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। পুরস্কার গ্রহণের ৭ দিনের মাথাতেই জানালেন নতুন ছবির খবর। এতে বাপ্পির নায়িকা হিসেবে থাকছেন জাহারা মিতু।

 

এর আগে তারা জুটি হয়ে অপূর্ব রানার ‘যন্ত্রণা’, ও কাজী হায়াতের ‘জয় বাংলা’ ছবির শুটিং শুরু করেন। যদিও ছবি দুটির শুটিং এখনও চলমান। তার মধ্যেই নতুন ছবিতে জুটি হওয়ার খবর এলো।

 

ছবিটি নিয়ে হোয়াটসঅ্যাপে বাংলাদেশ সময় দুপুর ১টায় কথা হয় বাপ্পি চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, ‘কুস্তিগির পরিচালনা করবেন শাহীন সুমন। আমার ক্যারিয়ারের প্রথম ছবি ‘ভালোবাসার রঙ’ এর নির্মাতা তিনি। তার হাত ধরেই ইন্ডাষ্ট্রিতে আমার অভিনয় জীবন শুরু। এরপর শাহীন সুমন ভাইয়ের সঙ্গে অনেক ছবিই হয়েছে। সবগুলোই সুপার হিট। ইন্ডাষ্ট্রিতে আমাদের সম্পর্ক বাবা-ছেলের মতো। তিনি আমার অভিভাবকও। প্রায় ৮ বছর পর শাহীন ভাইয়ের নির্দেশনায় কাজ করতে যাচ্ছি এটা আমার জন্য আনন্দের ও তৃপ্তির।’

 

অন্যদিকে জাহারা মিতু এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। তবে এখনো বড় পর্দায় তার অভিষেক হয়নি। নতুন সিনেমায় যুক্ত হওয়ার অনুভূতি প্রকাশ করে তিনি ফেসবুকে লিখেছেন, “অত্যন্ত আনন্দের আমার পঞ্চম সিনেমার ঘোষণা করছি। সফল নির্মাতা শাহীন সুমন ভাইয়ের পরিচালনায় ‘কুস্তিগীর’। তার সঙ্গে কাজের সুযোগ পাওয়া বড় প্রাপ্তি। চলুন বড় পর্দা মাতিয়ে তুলি একটি অসাধারণ গল্পে।”

 

সিনেমাটি প্রযোজনা করছে সচেতন মিডিয়া। আগামী ২২ ডিসেম্বর থেকে এর শুটিং শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here