বিনোদন ডেস্ক- দুই অঙ্গনের দুই মহা তারকার বিরাট-আনুষ্কা। বিয়ের চারবছর কেটে গেল। ছোট্ট এই দাম্পত্য জীবনের শ্রেষ্ঠ উপহার মেয়ে ভামিকা রয়েছেন তাদের সঙ্গে।
তারা দুজনেই ব্যক্তিগত জীবন আর কর্মজীবনের মধ্যে বেজায় ব্যালেন্স করে চলেন– চতুর্থ বিবাহবার্ষিকীতে নিজের মনের অজানা কথাই অনুষ্কা ব্যক্ত করেছেন বিরাটের উদ্দেশ্যে। ঠিক যেন ডিজিটাল প্রেমপত্র!
গতকাল বিবাহবার্ষিকীতে তারা দুজন দুজনকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোবাসাময় পোস্ট করেন। শেয়ার করেন নিজেদের একাধিক ছবি।
বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে গিয়ে আনুশকা লিখেছেন, “এই ভ্রান্ত আর মন গড়া ধারণার দুনিয়ায় বাঁচতে হলে ভীষণ সাহস দরকার। সেটা তোমার আছে। সবসময় আমার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ। একটা বিয়ের বন্ধন তখনই সফল হয় যখন দু’জনই পরস্পরের কাছে সুরক্ষিত। আর তুমি সেই সবচেয়ে সুরক্ষিত মানুষ যাকে আমি চিনি। সত্যিকারের বিরাটকে সবাই চেনে না। যারা চিনেছে, তারা ভাগ্যবান। এভাবেই যেন একে অপরকে সঙ্গে নিয়ে বাঁচি।”
স্বামীর প্রশংসা করে অভিনেত্রী আরও লেখেন, ‘সব সাফল্যের পিছনে যে মানুষটা রয়েছ, সেই আসল তুমি…. ভালোবাসা, সতত, স্বচ্ছতা, শ্রদ্ধা এইভাবেই আমাদের পথ দেখাক, আশা করি আমরা কোনওদিন আমাদের ভিতরের এই শিশুসুলভ কাণ্ডগুলো বন্ধ করব না, আমাদের ব্যাপরে এইটা আমার খুব পছন্দ’।
স্ত্রী আনুশকার উদ্দেশ্যে বিরাট সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘আমায় সবদিক থেকে পূর্ণতা দিয়েছে তোমার ভালবাসা। বিগত চার বছর আমার বোকা বোকা জোকস ও আলসেমি সহ্য করেছো। আমি যেমন তেমন ভাবেই আমাকে গ্রহণ করে চার বছর ধরে ভালোবেসে আসছো। ভাবতে পারোনি কতটা বিরক্তিকর আমি। এই চার বছরে আমাদের উপর ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ আমরা পেয়েছি। এই চার বছর আমি সবচেয়ে সৎ ও সাহসী নারীর সঙ্গে বিবাহিত। এমন একজন যে আমাকে সঠিক জিনিসের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করেছে। এমনকি যখন পুরো বিশ্ব আপনার বিরুদ্ধে হতে পারে। চার বছর আমি তোমার সঙ্গে বিবাহিত। তুমি আমাকে প্রতিদিন সব দিক থেকে সম্পূর্ণ করো। এভাবেই বা তারও বেশি আজীবন ভালোবেসে যাব তোমায়’।
