রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: আগামী ২৬ ডিসেম্বর আসন্ন ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের শাহজাদপুরের ১০টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই নির্বাচনী এলাকা গুলোতে উত্তাপ ছড়াতে শুরু করেছে।
গতকাল শনিবার (১১ ডিসেম্বর) উপজেলার ১৩নং জালালপুর ইউনিয়নের নির্বাচনী প্রচারণা করার সময় নৌকার প্রার্থীর সমর্থকরা হামলা করে বেশ কয়েকজনকে আহত করেছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মোটরসাইকেল প্রতিকের প্রার্থী আলহাজ্ব আব্দুর রশিদ।
স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ বলেন, শনিবার দুপর ১২টায় নির্বাচনী এলাকা জালালপুর ইউনিয়নের চেংটাপাড়ায় তার কর্মী সমর্থকরা মোটরসাইকেল প্রতিকের পক্ষে প্রচারণা করার সময় আঃলীগ সমর্থিত নৌকা প্রতিকের প্রার্থী হাজী সুলতান মাহমুদের সমর্থক সাঈদের নেতৃত্বে আলামিন, ছালাম, সবুজ, শওকত, মহসীন, ফারুক, সুজা ও হাসমতসহ ১৫/২০ জন আতর্কিত হামলা চালায়।
এসময় মোটরসাইকেল প্রতিকের বেশ কয়েকজন কর্মী আহত হয়। আহতরা হলো- শওকাত (৩৫), রহিম (৩০), দুলাল (২৬), হাজী হামিদ (৬০) ও রাজ উদ্দিন (৫৫)।
এই বিষয়ে বাংলাদেশ আঃলীগ সমর্থিত নৌকা প্রতিকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ বলেন, আমার কোন সমর্থক কোন প্রার্থীর কর্মী সমর্থকদের উপর হামলা করেনি। জনপ্রিয়তায় আমার চেয়ে পিছিয়ে আছে বুঝতে পেরে মোটরসাইকেল প্রতিকের প্রার্থী ও তাদের সমর্থকরা মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে।
