নজর২৪, সিলেট- সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ‘নির্যাতনে’ মারা যাওয়া রায়হান আহমদ হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তার মা সালমা বেগম। পাশাপাশি এই হত্যার সঙ্গে জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে হরতাল-সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছে এলাকাবাসী।
রোববার (১৮ অক্টোবর দুপুরে নগরীর আখালিয়া নেহারিপাড়াস্থ গুলতেরা মঞ্চিলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য রাখেন রায়হানের মা সালমা বেগম। পরে ৬টি দাবি পেশসহ ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেন রায়হানের মামাতো ভাই ও স্থানীয় মুরুব্বি শওকত।
দাবি- গুলো হলো :
১. রায়হান হ’ত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। ২. রায়হান হ’ত্যায় জড়িত পুলিশের উপ পরিদর্শক (এসআই) আকবর ভূঁইয়াসহ দোষীদের দ্রুত গ্রেপ্তার। ৩. পলাতক এসআই আকবর ভূঁইয়াকে গ্রেপ্তারে আইজিপির নির্দেশ। ৪. পুলিশ কমিশনারের পক্ষ থেকে পুর্ণাঙ্গ বক্তব্য। ৫. নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানে প্রধানমন্ত্রীর কাছে আবেদন। ৬. ৭২ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার না করলে হরতাল- সড়ক অবরোধসহ বৃহত্তর আ’ন্দোলন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনকি সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। উপস্থিত ছিলেন সিসিকের কাউন্সিলর তওফিক বকস লিপন, সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস, কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ ও কাউন্সিলর তারেক উদ্দিন তাজ প্রমুখ।
উল্লেখ্য, গত রোববার (১১ অক্টোবর) রায়হান উদ্দিন নিহত হন। রায়হান উদ্দিন সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। তাঁর তিন মাসের এক মেয়ে রয়েছে। তিনি নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন।
