Home ফিচার ৪৪ ইঞ্চি বরের সঙ্গে ৩৩ ইঞ্চির কনের বিয়ে, গোটা গ্রামে উৎসবের জোয়ার

৪৪ ইঞ্চি বরের সঙ্গে ৩৩ ইঞ্চির কনের বিয়ে, গোটা গ্রামে উৎসবের জোয়ার

0
262

নজর২৪, পিরোজপুর- পিরোজপুরের স্বরূপকাঠিতে ৪৪ ইঞ্চি উচ্চতার বর ও ৩৩ ইঞ্চির কনের মধ্যে বিয়ে হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুই পরিবারের সম্মতিতেই জাঁকজমকপূর্ণভাবে বিয়ে সম্পন্ন হয়।

 

বিয়েটিকে ঘিরে এক প্রকার উৎসব হয়েছে গ্রামে। নব দম্পতিকে দেখতে বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসেন সাধারণ মানুষ। ফেসবুকে পোস্ট দিয়ে তাদের শুভকামনাও জানিয়েছেন অনেকে।

 

বর ২২ বছর বয়সী আল আমিন স্বরূপকাঠি সদর ইউনিয়নের উত্তর শর্ষিনা গ্রামের আব্দুল হামিদের ছেলে। আর ২০ বছর বয়সী কনে শাম্মি আক্তার ইন্দুরহাট বন্দরের সোহাগদল গ্রামের ইলেক্ট্রিক ব্যবসায়ী মো. শাহজাহানের কন্যা।

 

চার ভাই ও দুই বোনের মধ্যে আল আমিন তৃতীয় এবং দুই বোন ও এক ভাইয়ের মধ্যে শাম্মি সবার বড়। শাম্মি উপজেলার কলেজিয়েট একাডেমিতে ৭ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। তার নানা শামসুল হক একজন বীর মুক্তিযোদ্ধা।

 

করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বাড়িতে আত্মীয়-স্বজনসহ এলাকার দেড় শতাধিক গণ্যমান্য লোকদের দাওয়াত করে কনেপক্ষ। কিন্তু ছেলেকে একনজর দেখার জন্য কনের বাড়িতে ওই এলাকার বহু লোক ভিড় জমান। তাদের বিয়েতে এক লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়েছে। উভয় পরিবারের লোকজনসহ পাড়া-প্রতিবেশী সকলেই উৎফুল্লভাবে কনের বাড়ি থেকে বর-কনেকে বিদায় জানান। রাতে বউ নিয়ে আল আমিন বাড়ি ফিরলে এলাকার শত শত উৎসুক লোকজন বর-কনেকে একনজর দেখতে ওই বাড়িতে ভিড় জমান। নবদম্পতিকে আশির্বাদ জানানোর পাশাপাশি তাদের সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছেন অনেকেই।

 

আল আমিন ও শাম্মির এ বিয়েকে ঘিরে উভয় পরিবারের মাঝে আনন্দের ফোয়ারা বইছে। সদর ইউনিয়নের ইউপি সদস্য দেব কুমার সমদ্দার জানান, কোনোপ্রকার নিমন্ত্রণ না করলেও খবর পেয়ে এলাকার শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে বর-কনেকে বরণ করেছেন। উপজেলার বাইরের এলাকা থেকেও বিভিন্নজন তার কাছে ফোন করে এই বিবাহের সংবাদ জানতে চাচ্ছেন। তাদের এই বিয়েকে ঘিরে পুরো এলাকায় এখন একপ্রকার উৎসবের আমেজ বইছে। ভবিষ্যতে তারা দাম্পত্যজীবন যেন সুখে ও শান্তিতে কাটাতে পারেন এজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন নবদম্পতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here