বিনোদন ডেস্ক- বিয়ের আগে আইনি ঝামেলার মুখে পড়ছেন বলিউড যুগল ক্যাটরিনা কাইফ ও ভিকি কুশলকে। শুধু ভিকি-ক্যাটই নন, সিক্স সেন্সেস রিসোর্টের ম্যানেজার এবং সাওয়াই মধুপুর জেলা কালেক্টরের নামেও থানায় অভিযোগ দায়ের করেছেন নেত্রবিন্দু সিং যাদয়া নামে রাজস্থানের এক আইনজীবী।
ওই আইনজীবীর অভিযোগ, ভিকি ও ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানের কারণে একটি নির্দিষ্ট রাস্তা বন্ধ করা হয়েছে। অথচ সেই রাস্তা সোজা যাচ্ছে চৌথ কা বারওয়াড়া নামের এক মন্দির পর্যন্ত, যেখানে নিয়মিত ভক্ত ও প্রচুর দর্শনার্থী জড়ো হন।
ভারতীয় গণমাধ্যমে জানা গিয়েছে, আজ (৭ ডিসেম্বর) থেকেই শুরু হচ্ছে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে রাজস্থানে পৌঁছে গেছেন হবু বর-কনে।
এদিকে ক্যাটরিনা কাইফের বিয়ের নিরাপত্তায় যাতে কোনো ফাঁক না থাকে তা নিশ্চিত করতে ব্যক্তিগত বডি গার্ড শেরাকে রাজস্থান পাঠাচ্ছেন সালমান খান। এছাড়াও তাদের বিয়ের নিরাপত্তায় থাকবেন একাধিক বাউন্সার, পুলিশ কর্মকর্তারা। জয়পুর থেকে প্রায় ১০০ জন বাউন্সারকে নিরাপত্তা ব্যবস্থার খেয়াল রাখতে নিয়োগ করা হয়েছে।
ক্যাটরিনা-ভিকির বিয়েতে যে অতিথিরা আসবেন তাদের চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে। স্বাক্ষর করার পর সেই চুক্তিপত্র পাঠালে বারকোড দেওয়া হবে সেই ব্যক্তিকে। শোনা যাচ্ছে, চুক্তিপত্রে থাকছে মোট ৫৯টি শর্ত।
