মুরাদ ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থা: সুপ্রিম কোর্ট বারের সম্পাদক

নজর২৪, ঢাকা- অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের শপথ ভঙ্গ হয়েছে, এ জন্য তাকে জাতির সামনে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তা না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন তিনি।

 

সোমবার (০৬ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

 

তিনি বলেন, মন্ত্রী হিসেবে ডা. মুরাদ যে সাংবিধানিক শপথ গ্রহণ করেছেন, তিনি ক্রমাগতভাবে তার নানাবিধ মন্তব্য/কর্মকাণ্ডের মাধ্যমে তা ভঙ্গ করে চলেছেন। জাতি হিসেবে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রতিমন্ত্রীর মতো একটি দায়িত্বশীল পদে থেকে তার এসব অযাচিত মন্তব্য জাতি হিসেবে আমাদের কলঙ্কিত করেছে।

 

ব্যারিস্টার কাজল বলেন, মুরাদ হাসান বিভিন্ন ব্যক্তি, বিশেষ করে তার রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে লাগামহীনভাবে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেই চলেছেন। তার এ ধরনের বক্তব্য দেশের নাগরিকের জন্য বিশেষ করে নারীর প্রতি বিদ্বেষমূলক চরম অবমাননাকর।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক বলেন, জাইমা রহমান সম্পর্কে তথ্য প্রতিমন্ত্রী যে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তা অবিলম্বে প্রত্যাহার করে জাতির সামনে তাকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *