বিনোদন ডেস্ক- ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশলের বিয়ের খবরে এখন সরগরম বলিউড। এই সপ্তাহেই চার হাত এক হবে এই প্রেমিক জুটির। তার আগে রোববার রাতে সপরিবারে হবু শ্বশুরবাড়িতে হাজির হন ক্যাটরিনা।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, মা, ভাই-বোনদের সঙ্গে নিয়ে এদিন ভিকির অ্যাপার্টমেন্টের নিচে পাপারাজ্জিদের ক্যামেরায় লেন্সবন্দি হলেন ক্যাট। শুধু তাই নয় সামান্য সময়ের জন্য দাঁড়িয়ে ক্যামেরার জন্য পোজও দেন। হাত নেড়ে অভিবাদন জানান পাপারাজ্জিদের উদ্দেশে। এদিন সাদা রাফেল শাড়িতে দেখা যায় ক্যাটরিনাকে। নজর কাড়ে তার ঝলমলে রুপালি ব্লাউজও। কপালে টিপ, কানে ভারী দুল, হাতে বালা, আর খোলা চুল- এই লুকেই সামনে আসেন ক্যাটরিনা।
দুই দিন আগেই গভীর রাতে ক্যাটরিনার বাড়িতে যান ভিকি। তবে পরিবারকে সঙ্গে নিয়ে নয়, হবু বউয়ের কাছে একাই ছুটে গিয়েছিলেন ‘মসান’ খ্যাত অভিনেতা। এদিন ক্যাটরিনাকে সেজেগুজে ভিকির বাড়িতে পৌঁছাতে দেখে অনেকের মনেই প্রশ্ন, তবে কি আইনি বিয়েটা সেরে ফেললেন ক্যাটরিনা-ভিকি?
জানা যায, মুম্বাইতে আইনি বিয়ে সেরেই রাজস্থানে পৌঁছাবেন দুজনে। সাত পাক ঘোরবার আগেই অফিসিয়্যালি নিজেদের পাশ থেকে ব্যাচেলার তকমা সরিয়ে দেওয়ার কথা দুজনের।
সূত্রের খবর, ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুরের বিলাসবহুল রিসোর্ট সিক্স সেন্স ফোর্ট বারবারায় বসতে চলেছে ভিকি ও ক্যাটরিনার বিয়ের আসর। শোনা যাচ্ছে, ভিকির জন্য বুক করা হয়েছে মানসিংহ স্যুট আর হবু কনের জন্য বুক হয়েছে রানি রাজকুমারী স্যুট। এ দুটি স্যুটের প্রতিদিনের ট্যারিফ প্রায় ৭ লাখ টাকা ভারতীয় মুদ্রায়। হবেই না কেন বলিউডের অন্যতম সফল দুই অভিনেতার বিয়ে বলে কথা।
কানাঘুষা, ভিকি-ক্যাটের বিয়েতে প্রায় ১২০ জন অতিথি আসতে চলেছেন। হোটেল রিজেন্ট ভানযা মহলের ম্যানেজার জানিয়েছেন শাহরুখ খান নাকি বিয়েতে আসছেন এবং থাকবেন হোটেল ওবেরয়তে। তবে কিয়ারা আডবানীর নাম নেই গেস্ট লিস্টে এমনটাই জানা গেছে।
জানা গেছে বিয়েতে ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর লেহেঙ্গাই পরবেন ক্যাট সুন্দরী। বিয়ের বাকি অনুষ্ঠানে পরার জন্যে এক্সক্লুসিভ ওয়ার্ড্রোব তৈরি করছেন ফ্যাশন ডিজাইনার আবু জানি, মনীশ মালহোত্রা ও ফাল্গুনী শেন পিককের মতো ডিজাইনাররা।
