নৌকার মনোনয়ন পেয়ে বোমা ফাটিয়ে উল্লাস, ইউপি চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার

নজর২৪, রাজবাড়ী- রাজবাড়ীর পাংশায় নৌকার মনোনয়ন পাওয়ার আনন্দে বোমা ফাটিয়ে উদ্‌যাপন করার অভিযোগে ইউপি চেয়ারম্যানের ছেলেসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের বাগদুলি বাজার কমিউনিটি ক্লিনিকের সামনে ব্রিজের ওপর থেকে তিনটি হাতবোমাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, মৌরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হাবিবুর রহমান প্রামাণিকের ছেলে শামীম প্রামাণিক (৩৬) ও চরহরিনাডাঙ্গা গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে মো. জালাল মণ্ডল (৩০)।

 

পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, ‘নৌকার মনোনয়ন পাওয়ার সংবাদ পেয়ে প্রায় ২৫-৩০টি মোটরসাইকেল নিয়ে সাবেক চেয়ারম্যান মো. শওকত আলী সরদারের বাড়ির পাশে ব্রিজের ওপর বোমা ফাটিয়ে আনন্দ উল্লাস করছিলেন তাঁরা। এ সময় তিনটি হাতবোমাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।’

 

পাংশা মডেল থানার তদন্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বোমা ফাটানোর বিষয়টি জানতে পারি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি বোমাসহ তাঁদের গ্রেপ্তার করেছে। সেখানে একটি বিস্ফোরিত বোমার আলামত পাওয়া গেছে।’

 

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান বলেন, ‘আমার মনোনয়ন পাওয়ার খবর আমার এলাকায় জানার পর কর্মী-সমর্থকরা উল্লাস করে। এ সময় খুশিতে দুয়েকটা পটকা ফাটিয়েছে। প্রতিপক্ষের লোকজন পুলিশে খবর দিলে তারা আমার ছেলেসহ দুজনকে থানায় যায়। আমার জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষের লোকজন দুর্নাম রটাতে এ কাজটি করিয়েছে।’

 

উল্লেখ্য, পঞ্চম ধাপে ৫ জানুয়ারি রাজবাড়ী পাংশা উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *