নজর২৪ ডেস্ক- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে পলাতক তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে মন্তব্য করে অনলাইন-অফলাইনে ব্যাপক সমালোচিত হয়েছেন সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
নারী অধিকারকর্মী থেকে শুরু করে সুশীল সমাজ, বিরোধী দলীয় রাজনীতিবিদ, এমনকি সরকার দলীয় অনেক নেতাকর্মীও বলছেন— এমন ‘অশালীন’ মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত প্রতিমন্ত্রীর। তবে প্রতিমন্ত্রী নিজে বলছেন, এই ইস্যুতে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
শুক্রবার (৩ ডিসেম্বর) এক লাইভ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী কথা বলেন চলমান বিভিন্ন ইস্যুতে। ওই সময়ই জাইমা রহমানকে নিয়েও মন্তব্য করেন তিনি। মুহূর্তেই তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
রোববার (৫ ডিসেম্বর) এ বিষয়ে প্রতিমন্ত্রীর মন্তব্য জানতে চায় এক সংবাদমাধ্যম। সেখানে প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, ‘ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। এমন দাবিকে ঘৃণাভরে প্রত্যাখান করলাম।’
প্রতিমন্ত্রীর মন্তব্য নিয়ে যে তীব্র সমালোচনা হচ্ছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘সমালোচকদের আমি বলব, আসসালামু ওয়ালাইকুম। আপনি ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন। আপনাদের এই গালিগালাজ আমাকে কোনোরকম ক্ষতি করতে পারবে না।’
নিজ দলের অনেক নেতাকর্মীও তো আপনার সমালোচনা করছেন, তাদের কী বলবেন— এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, ‘উনারা তো মহান নেতা। উনারা নিজেদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেয়েও বড় নেতা মনে করেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার চেয়েও উনারা বড় নেতা। তাদের সম্পর্কে কোনো মন্তব্য করার মানসিকতা আমি রাখি না, মন্তব্য করার দরকারও নেই।’
