নতুন করে লকডাউনের চিন্তা ভাবনা নেই: স্বাস্থ্যমন্ত্রী

বিনোদন ডেস্ক- ওমিক্রন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সীমান্ত বন্ধ বা লকডাউনের মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

রোববার (৫ ডিসেম্বর) সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের নির্মানাধীন ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নভেল করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ালেও দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তাই নতুন করে বিধিনিষেধ আরোপ কিংবা লকডাউনের চিন্তা ভাবনা নেই।’

 

তিনি বলেন, ‘বিশ্বের নানা দেশে ওমিক্রন সংক্রমণ বেড়ে গেলেও বাংলাদেশের পরিস্থিতি ভালো। তবে, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আপাতত সীমান্ত বন্ধ করার পরিকল্পনা নেই। দেশের পরিস্থিতি ভালো ও নিরাপদে আছে, তাই কোনো বিষয়ে চিন্তার কারণ নেই।’

 

জাহিদ মালেক বলেন, যারা এখন বিদেশে আছেন তাদের এই মুহূর্তে দেশে না আসাই ভালো। তারা যেন সংক্রমিত হয়ে দেশে না আসেন।

 

মন্ত্রী বলেন, যারা বিদেশ থেকে আসবেন তাদেরও দায়িত্ব রয়েছে। প্রবাসীদের পরিবারকে নিরাপদে রাখতে হবে, দেশকেও সুরক্ষিত রাখতে হবে। কাজেই আপনারা যেখানে আছেন সেখানেই নিরাপদে থাকুন।

 

তিনি বলেন, ৬০ বছরের ওপরে যারা আছেন তাদের বুস্টার ডোজ দেওয়া হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। আপনারা জানেন ইতোমধ্যে অনেক দেশেই বুস্টার ডোজ দেওয়া শুরু করেছেন। ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশেও বুস্টার ডোজের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের টিকার কোনো অভাব নেই। আমরা বুস্টার ডোজও দিতে পারব ইনশাআল্লাহ।

 

তিনি বলেন, আমরা করোনার পরীক্ষা, কোয়ারেন্টাইনের ব্যবস্থা জোরদার করেছি। আমাদের দেশ ভালো আছে, নিরাপদে আছে। আপনারা জানেন, আমরা দুই থেকে তিনজন করে মৃত্যুর খবর পাই। এই অবস্থা থাকলে বাংলাদেশে মৃত্যুর হার শূন্যে নেমে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *