নজর২৪, চট্রগ্রাম- আন্দোলনের মুখে ঢাকার পরে চট্টগ্রামে নগরীতে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা। এক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। ১১ ডিসেম্বর (শনিবার) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
রোববার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ সিদ্ধান্তের কথা জানান।
এনায়েত উল্যাহ বলেন, দেশের অন্য শহরে যদি সিটি সার্ভিস থাকে সেখানেও হাফ ভাড়া নেওয়া হবে। তবে আন্তঃজেলা পর্যায়ে হাফ ভাড়া কার্যকর হবে না।
ঢাকার মতো হাফ ভাড়া কার্যকরে চট্টগ্রামের বাস মালিক সমিতিও শর্ত আরোপ করছে। এ শর্তগুলোও প্রায় একই রকম।
খন্দকার এনায়েত উল্লাহ বলেন, হাফ ভাড়া কার্যকরের সময় সকাল ৭টা থেকে রাত ৮টা। এজন্য শিক্ষার্থীর ইউনিফর্ম ও ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে। সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, শিক্ষা প্রতিষ্ঠানের মৌসুমি ছুটিতে হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া শুধু চট্টগ্রাম শহরে কার্যকর হবে, বাইরে হবে না। যেখানে সিটি সার্ভিস চালু আছে সেখানেও এ সিদ্ধান্ত কার্যকর হবে। আমরা ছাত্রদের দাবির প্রতি সম্মান জানিয়ে হাফ ভাড়া কার্যকর করেছি। সুতরাং তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে বলে আশা করছি।
সড়ক অবরোধ করে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত ৩০ নভেম্বর রাজধানীতে বাসে শর্তসাপেক্ষে হাফ ভাড়া নেয়ার সিদ্ধান্ত নেয় পরিবহন মালিক সমিতি।
ওই দিন এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছিলেন এনায়েত উল্যাহ।
পরিবহন মালিক সমিতির এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের একটি অংশ অন্য শহরগুলোতেও বাসে হাফ ভাড়ার দাবি জানায়। তাদের এ দাবির মধ্যেই চট্টগ্রামে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেয়ার সিদ্ধান্ত হয়।
