বিনোদন ডেস্ক- চার দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত বাংলা চলচ্চিত্র ও নাটকের তুমুল জনপ্রিয় মুখ সুবর্ণা মুস্তাফা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রীর ৬২তম জন্মদিন ছিল গতকাল। বিশেষ দিনটিতে সুবর্ণা মুস্তাফা দেশে নেই। জানা গেছে, তিনি এখন কানাডায়। তাই তার স্বামী-নির্মাতা বদরুল আনাম সৌদের মন খারাপ।
স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘মুস্তাফা, তোমাকে খুব মিস করছি। শুভ জন্মদিন। দ্রুত আসো প্লিজ।’ স্বামীর প্রেমময় বার্তায় জবাবও দিয়েছেন সুবর্ণা। মন্তব্য করেছেন, ‘আমিও তোমাকে অনেক বেশি মিস করছি। তোমাকে সবসময় ভালোবাসি।’
১৯৫৯ সালের ২ ডিসেম্বর জন্ম হওয়া সুবর্ণার ক্যারিয়ার শুরু মঞ্চ নাটক দিয়ে। টেলিভিশন ও বড় পর্দার পাশাপাশি দীর্ঘ ২২ বছর মঞ্চে অভিনয় করেন তিনি। হুমায়ূন আহমেদের লেখা ধারাবাহিক নাটক ‘কোথাও কেউ নেই’ ও ‘আজ রবিবার’-এ তার চরিত্র মুনা ও মীরা ব্যাপক জনপ্রিয়তা পায়।
১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ঘুড্ডি সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক সুবর্ণার।সিনেমাটিকে তিনি ‘সময়ের আগে নির্মিত একটি ছবি’ বলে আখ্যা দিয়েছিলেন এক সাক্ষাৎকারে।
১৯৮৩ সালে নতুন বউ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান, তবে সেই পুরস্কার তিনি নেননি। তার কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, এ সিনেমায় তিনিই প্রধান চরিত্র।
সুবর্ণার জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ঘুড্ডি, নয়নের আলো, শঙ্খনীল কারাগার, পালাবি কোথায় ও গহীন বালুচর।
টেলিভিশন নাটকে সুবর্ণা অত্যন্ত জনপ্রিয়। আফজাল হোসেন ও হুমায়ুন ফরিদীর সঙ্গে তার জুটি ছিল দর্শকনন্দিত। অভিনয়ের জন্য ২০১৯ সালে একুশে পদক পান এ অভিনেত্রী।
