বিনোদন ডেস্ক- মডেল, অভিনেত্রী পিয়া বিপাশা। লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। এরপর টেলিভিশন বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত কাজ করেছেন। নাম লিখিয়েছেন চলচ্চিত্রে। পিয়ার অভিষেক চলচ্চিত্র ‘রুদ্র দ্য গ্যাংস্টার’।
এ পর্যন্ত প্রায় ডজনখানেক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পিয়া। যদিও একটি বাদে তার কোনো সিনেমা এখনও মুক্তি পায়নি। কারণ হিসেবে দেখা গেছে, অনেক সময় চুক্তি, গ্রুমিং বা ফটোসেশন করেও শেষ পর্যন্ত অজানা কারণে তিনি সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন অথবা বাদ পড়েছেন। যদিও এর নেপথ্যের কারণ কখনও জানা যায়নি।
পিয়া বিপাশা মডেলিং ও নাটকে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাহসী ছবি প্রায়ই ভাইরাল হয়। সে হিসেবে বলা যায়, দর্শক মহলে তার চাহিদা কম নয়। অথচ সিনেমায় কেন কাজ করছেন না তিনি? এমন প্রশ্ন সিনেমা পাড়ায় প্রায়ই শোনা যায়।
দীর্ঘদিন ধরে নাটক-সিনেমায় তার দেখা মিলছে না।
জানা গেছে, পিয়া বিপাশা এখন স্থায়ীভাবে বসবাস করেন যুক্তরাষ্ট্রে। সেখানে স্বামী ও সন্তানকে ঘিরেই তার সুখের জীবন। সেই আনন্দঘন মুহূর্তগুলো শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।
গত বছরের আগস্টে অল্প কিছু দিনের জন্য ঢাকায় এসেছিলেন পিয়া বিপাশা। তখন একটি শর্টফিল্মে কাজ করেছিলেন। কয়েকটি কাজের প্রস্তাব থাকলেও করোনার কথা বিবেচনা করে নভেম্বরে গিয়ে কেবল ‘টগর’ নামের এই ফিল্মে যুক্ত হয়েছিলেন তিনি। একই মাসের শেষের দিকে অভিনেত্রী পুনরায় ফিরে যান যুক্তরাষ্ট্রে।
খুব অল্প বয়সে প্রথম বিয়ে করেছিলেন পিয়া বিপাশা। সেই সংসারে একটি কন্যা সন্তানের মা-ও হন তিনি। তবে সংসারটি টেকেনি। এরপর নিজেকে সামলে ঘুরে দাঁড়ান। শোবিজে অবস্থান তৈরি করেন।
২০১৯ সালের ২১ জুলাই দ্বিতীয় বিয়ের জন্য আংটি বদল করেন পিয়া। এরপর গত বছর তারা বিয়ে করেন। বরের নাম ওমার। তার সঙ্গে একাধিক ঘনিষ্ঠ ছবি শেয়ার করে ভক্তদেরও দেখিয়েছেন অভিনেত্রী। অবশ্য এরপর থেকে গত প্রায় এক বছরে স্বামীর সঙ্গে কোনো ছবি শেয়ার করেননি তিনি।
সম্প্রতি পিয়া বিপাশার চেহারাতেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। ধারণা করা হচ্ছে, তিনি ঠোঁটে সার্জারি করিয়েছেন। নিয়ম করে প্রায়শই ছবি পোস্ট করেন অভিনেত্রী। আবেদনময়ী রূপে দেখা দিয়ে অনুসারীদের নজর কাড়েন। ছবিগুলোর কমেন্টবক্সে তার প্রতি মুগ্ধতাও প্রকাশ করেন তারা।





