নৌকা ডুবিয়ে চেয়ারম্যান হয়ে যা বললেন তৃতীয় লিঙ্গের ঋতু

নজর২৪ ডেস্ক- অনেকটা আকস্মিকভাবে এলাকায় এসে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সবাইকে চমকে দিলেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু।

 

রবিবার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হন ঋতু। দেশে এই প্রথম তৃতীয় লিঙ্গের কোনও ব্যক্তি চেয়ারম্যান নির্বাচিত হলেন।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, প্রাথমিক ফলাফলে নজরুল ইসলাম ঋতু আনারস প্রতীক নিয়ে ৯ হাজার ৫৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের নজরুল ইসলাম সানা পেয়েছেন ৪ হাজার ৫২৯ ভোট।

 

জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালীগঞ্জবাসীর দৃষ্টি ছিল ত্রিলোচনপুর ইউনিয়নের দিকে। দিনব্যাপী সাধারণ মানুষ ও ভোটারদের মধ্যে জল্পনা-কল্পনা চলতে থাকে কে হবেন চেয়ারম্যান?

 

এদিকে নৌকা ডুবিয়ে আনারস প্রতীকে ঋতুর বিশাল জয়ে উচ্ছ্বসিত তার সমর্থকরা। নৌকার প্রার্থীও পরাজয় মেনে নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঋতুকে।

 

নতুন চেয়ারম্যান বলছেন, সবাইকে পাশে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন।

 

ইউনিয়নের দাদপুর গ্রামের বদিলাপাড়ার ইউসুফ আলী বলেন, ‘যাকে নৌকা প্রতীক দেয়া হয়েছিল তার চেয়ে ঋতু অনেক ভালো। তিনি মানুষের উপকার করেন। তাই আমরা তাকে ভোট দিছি।’

 

বহিরগাছি গ্রামের শুকুর আলী বলেন, ‘ঋতু বিপদে-আপদে আমাদের পাশে থেকেছে। তাই আমরা তাকে ভোট দিয়েছি। তাকে আমরা জিতাইছি। এখন সে যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা বাস্তবায়ন করুক।’

 

বালিয়াডাঙ্গা গ্রামের আজিম শেখ বলেন, ‘ঋতুর ঘর নেই, সংসার নেই, তার কাছে ইউনিয়ন নিরাপদ। আশা করছি, আমাদের জন্য আসা সরকারি বরাদ্দ তিনি ঠিকমতো বিতরণ করবেন।’

বিজয়ী নজরুল ইসলাম ঋতু জানান, কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান তিনি। জাতীয় পরিচয়পত্র অনুসারে তার বয়স ৪৩ বছর। সামাজিক নানা প্রতিবন্ধকতায় প্রাথমিক স্কুলের গণ্ডি পেরোনো হয়নি। অল্প বয়সে চলে যেতে হয়েছিল ঢাকায়। সেখানে ডেমরা থানায় দলের গুরুমার কাছেই তার বেড়ে ওঠা।

 

ঋতু বলেন, ‘ঢাকায় থাকলেও নিয়ম করে এলাকায় যেতাম। এলাকার মানুষের জন্য কাজ করতাম।

 

‘জনগণ আমার পক্ষে আছে। আমি একটা কথা জানি, অনেক মানুষের অনেক কথা থাকে। আমার কিচ্ছু নেই। আমার ঘর নেই, সংসার নেই। এই জন্য আমার লোভ-লালসা নেই। এই জনগণই আমার সব।’

 

আগামীর পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘আমি জনগণকেই সঙ্গে নিয়ে সব করতে চাই। জনগণ যা বলবে আমি তাই করব। জনগণ বলেছে, ওর ছেলে নেই মেয়ে নেই, ঘর সংসার নেই, ও আমাদের জন্যই কাজ করবে। আমি জনগণের পক্ষেই সব সময় থাকব। জনগণ আমাকে যেইটা বলে আমি সেইটা করব।’

 

ঋতু বলেন, ‘আমার এলাকায় অনেক কাজ এখনও হয়নি। রাস্তাঘাট ভাঙা রয়েছে। সরকারের সহযোগিতায় এসব কাজ করার জন্য আমি চেষ্টা করব, প্রধানমন্ত্রী যেন একটু সুনজর দেন।’

 

পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বলেন, ‘মানুষ যা সিদ্ধান্ত নিয়েছে ভালো নিয়েছে। আমি তাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *