প্রথম দৃশ্যই ছিল বাসরঘরের মধ্যে: দীপা খন্দকার

নন্দিত ও জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। নান্দনিক অভিনয় ও শৈল্পিক গুণে দর্শকের কাছে এখনও সমানভাবেই সমাদৃত এ তারকা। দীর্ঘদিনের ক্যারিয়ারে নাটক, বিজ্ঞাপন, টেলিছবিসহ সব অঙ্গনেই নিজস্ব স্বকীয়তা বজায় রেখে হয়েছেন বেশ প্রশংসিত। লম্বা এ সময়ের পথচলায় বাকি ছিল চলচ্চিত্রে পদচারণা। সেটাও সেরে ফেলেছেন ‘ভাইজান এলো রে’ ছবির মাধ্যমে। দর্শকের কাছে পেয়েছেনও অনেক প্রশংসিত।

অভিনয়শিল্পী দীপা খন্দকারের আজ জন্মদিন। দিনটি আজ শুটিং সেটেই কাটাচ্ছেন। চলছে ধারাবাহিক ‘গুলশান অ্যাভিনিউ সিজন টু’র শুটিং। জানালেন বিশেষ এই দিনে কিছুটা কষ্ট হচ্ছে তাঁর মেয়ের জন্য। মাকে নিয়ে তাঁর সাত বছরের মেয়ের নানা রকম সারপ্রাইজ থাকে। সেসবেরই অপেক্ষায় আছেন এখন দীপা।

‘সন্ধ্যায় বাসায় গেলে মনে হবে, জীবনটাই ধন্য। কারণ, আমি জানি সে তার খালাকে নিয়ে অনেক কিছু রান্না করবে, অনেক কেনাকাটা করে আমাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করবে। এবার যে কী করবে, জানি না। আমাকে কিছু বুঝতে দেয় না। তবে আমার জন্মদিনে তারই সবচেয়ে বেশি পরিকল্পনা থাকে। এতটুকু বলতে পারি, সন্ধ্যায় বাসায় ফিরলে একদম চমকে যাব। সে জন্য আমি সন্ধ্যার অপেক্ষায় আছি,’ বলেন দীপা।

জন্মদিনে দীপার মনে হয়, এই তো সেদিন তিনি অভিনয়ে এসেছিলেন। প্রথমে কোনো কিছু না বুঝেই শুরু করেছিলেন বিজ্ঞাপনের শুটিং। ‘লাইট–ক্যামেরা–অ্যাকশন কিছুই বুঝতাম না,’ বলেন দীপা। কিছুদিন পরেই শুরু করেন প্রথম কোনো নাটকের শুটিং।

সেই স্মৃতি স্মরণ করে দীপা বলেন, ‘প্রথম নাটকের শুটিংয়ের দিন খুব ভয়ে ছিলাম। আমার সহশিল্পী ছিলেন মাহফুজ আহমেদ। প্রথম দৃশ্যই ছিল বাসরঘরের মধ্যে। পরিচালক বাসরঘরের দৃশ্য বলার পর থেকেই ভয় লাগছিল। পরে শুটিংয়ে গিয়ে একদম স্বাভাবিকভাবে অভিনয় করি। প্রথম দৃশ্যই বেশ ভালো হয়েছিল। নাটকে তাজিন (আহমেদ) আপু ছিলেন। নির্মাতা অরণ্য আনোয়ার ছিলেন। সবাই খুবই সহযোগিতা করেছিলেন। তখন মনে হয়েছিল, অভিনয়টা আমি পারব।’

দীপা খন্দকার ‘ভাইজান এল রে’ সিনেমায় শাকিব খানের বড় বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। সম্প্রতি খলনায়িকা চরিত্রে ‘রিভেঞ্জ’ সিনেমায় নাম লিখিয়েছেন। এটি তাঁর ক্যারিয়ারের তৃতীয় চলচ্চিত্র। এর মধ্যে তাঁর অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখ আসমান’, ‘কোয়ারেন্টাইন ২’ মুক্তি পেয়েছে। বর্তমানে ছোট পর্দার নাটক নিয়েই তাঁর ব্যস্ততা। ‘গুলশান অ্যাভিনিউ-২ ’ ও ‘বাকরখানি’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন দীপা খন্দকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *