বিনোদন ডেস্ক- বাংলাদেশের অভিনয়শিল্পী রাফিয়াথ রশিদ মিথিলা নাকি বলিউডের কিং শাহরুখ খানের সঙ্গে ছবি তুলতে একদমই আগ্রহী ছিলেন না! সম্প্রতি প্রথম আলো অনলাইনের “বড় মঞ্চের তারকা” অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিথিলা। সেই অনুষ্ঠানে মিথিলা জানান, সেদিন শাহরুখের সঙ্গে ছবি তোলার ব্যাপারে তার মোটেও আগ্রহ ছিল না।
অনুষ্ঠানটির সঞ্চালনার ভূমিকায় ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। মিথিলার এসব কথা শুনে প্রায় বিস্মিত হয়ে পূর্ণিমা বলেন, “শাহরুখ খানকে দেখলে তো অজ্ঞান হয়ে যেতাম!”
২০১৯ সালের নভেম্বরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধনের জন্য এসেছিলেন শাহরুখ খান। সে সময় কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে উপস্থিত ছিলেন মিথিলাও।
মিথিলা জানান, তিনি মোটেই শাহরুখ খানের সঙ্গে ছবি তুলতে আগ্রহী ছিলেন না। অনেকটা জোর করে সৃজিত তাকে ছবি তুলতে নিয়ে যান শাহরুখ খানের সঙ্গে।
এমনটা শুনে অনেকটা অবাকই হলেন পূর্ণিমা। বলিউডের বাদশাহ শাহরুখ খানের সঙ্গে দেখা হলে কে না ছবি তুলতে চাইবে! পৃথিবীর অধিকাংশ দেশের রয়েছে তার ভক্ত। কোটি কোটি ভক্তের স্বপ্ন তাকে সামনে থেকে দেখার।
মিথিলা বলেন, “ছোটবেলা থেকেই আমি বড় বড় তারকাদের সাধারণভাবে নিতাম। তারাও আমাদের মতো মানুষ। যখন সবাই লাইন ধরে ছবি তুলেছিল, আমি চুপ করে বসে ছিলাম। আমি অতটা এক্সাইটেড হতে পারিনি তাকে এত কাছে থেকে দেখে।”
ভারতের গুণী নির্মাতা সৃজিতের সঙ্গে সুখে সংসার করছেন মিথিলা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতার ঘরণী ভবিষ্যতে সিনেমা পরিচালনা করবেন কি না, সে বিষয়ে জানতে চান পূর্ণিমা।
মিথিলা বলেন, ‘চলচ্চিত্র পরিচালনা একটি বড় পরিসরের বিষয়। বিষয়টি আমার ভাবনাতেই নেই। তবে আমি জীবনে অনেক কিছু করেছি, সেগুলো আমার ভাবনার পরিসরে ছিল না। কিন্তু হয়েছে আমার জীবনে। আমি সারাক্ষণই ক্রিয়েটিভ কিছু করতে ভালোবাসি। এই প্রসেস আমার ভালো লাগে। বলা যায় না কোন দিন কী করে ফেলি। পরিচালনা করার মতো অঘটনও হয়ে যেতে পারে। সে জন্য আমি একেবারে উড়িয়ে দিচ্ছি না।’
