ক্যাটরিনার বিয়ের মেহেদির দাম শুনলে চমকে যাবেন

বিনোদন ডেস্ক- জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে অনেকদিন থেকেই তার প্রেম ও বিয়ের গুঞ্জন উড়ছে। শোনা যাচ্ছে, আসছে ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়বেন তারা।

 

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সকল পরিকল্পনা সেরে রেখেছেন ক্যাটরিনা কাইফ। বিয়ের তোড়জোড়ও শুরু হয়েছে। বিয়েতে বিশেষ ধরনের মেহেদি পরবেন ক্যাটরিনা। এটি দিয়েই হাতে লিখবেন ভিকির নাম।

 

জানা গেছে, রাজস্থানের যোধপুরের পালি অঞ্চলে তৈরি হয় এই মেহেদি। গুণগত মানের জন্য এটি সারা বিশ্বে প্রসিদ্ধ। এতে কোনো রাসায়নিক পদার্থ থাকে না। এই মেহেদি ভেষজ প্রক্রিয়ায় স্থানীয় মেয়েরা হাতে তৈরি করে। এর দামটাও নাকি আকাশছোঁয়া। প্রায় ১ লাখ রুপি।

 

যদিও এই মেহেদি ক্যাটরিনা উপহার হিসেবেই পাচ্ছেন। ইতোমধ্যে এর স্যাম্পল এই অভিনেত্রীর কাছে পাঠানো হয়েছে। এটি তিনি বেশ পছন্দও করেছেন।

 

শোনা যাচ্ছে, আগামী ৭-১২ ডিসেম্বরের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন ভিকি-ক্যাটরিনা। রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে তাদের বিয়ে হবে। ইতোমধ্যে বিয়ের আয়োজন শুরু হয়েছে। বিয়েতে ‘র সিল্ক’ পরবেন বলে ঠিক করেছেন ক্যাটরিনা। এই অভিনেত্রীর বিয়ের পোশাকটি ডিজাইন করছেন প্রসিদ্ধ ফ্যাশন ডিজাইনার সব্যসাচী।

 

ক্যাটরিনা ও ভিকির এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, পরিবারের সদস্য ও বলিউডে তাদের কাছের বন্ধুদের নিয়েই বিয়ে সারবেন। বিয়ের সব ছবি যাতে বাইরে ছড়িয়ে না পড়ে তার জন্য বিয়ে বাড়িতে মোবাইল নিষিদ্ধ করেছেন তারা। যে ইভেন্ট ম্যানেজমেন্ট বিয়ের দায়িত্ব নিয়েছে, তাদের কাছে ক্যাট ও ভিকির কড়া নির্দেশ বিয়েতে যেন কেউই মোবাইল নিয়ে প্রবেশ করতে না পারেন। এমনকি যারা ছবি তুলবেন তারা কেউ যেন ক্যাটরিনা ও ভিকির নির্দেশ ছাড়া কোনো ছবি অন্য কাউকে হস্তান্তর না করেন।

 

বিয়ের প্রস্তুতি হিসেবে অতিথিদের তালিকাও চূড়ান্ত করে ফেলেছেন ক্যাটরিনা ও ভিকি। বিয়েতে বলিউডের কয়েকজন তারকাও থাকবেন। এর মধ্যে আছেন করণ জোহর, আলি আব্বাস জাফর, কবির খান, মিনি মাথুর, রোহিত শেঠি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, বরুণ ধাওয়ান প্রমুখ।

 

জানা যাচ্ছে, জুহুতে বিলাসবহুল আবাসনে ফ্ল্যাটও কিনে ফেলেছেন ভিকি-ক্যাটরিনা। অ্যাপার্টমেন্টে ইন্টিরিয়র ডেকোরেশনের কাজ শুরু হয়ে গিয়েছে। অভিনেতাদের ঘনিষ্ঠ বন্ধুদের সূত্র জানিয়েছে, আট তলায় ফ্ল্যাট তাদের। বিয়ের পর সেখানেই ভিকির সঙ্গে সংসার পাতবেন ক্যাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *