আ.লীগ প্রার্থী মনুর ভোট দেওয়া নিয়ে বিতর্ক

নজর২৪ ডেস্ক- ঢাকা-৫ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর ভোট দেওয়া নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের এই প্রার্থী অত্র আসনের ভোটার হিসেবে ভোট দিয়েছেন বলে দাবি করলেও সেটিকে নাকচ করেছেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহম্মেদ। এছাড়া কেন্দ্রে তার ভোট দেওয়ার কোনও তথ্য নেই বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার।

 

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টার কিছু পরে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন মনিরুল ইসলাম। সাধারণত আলোচিত প্রার্থীরা গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে ভোট কক্ষে প্রবেশ করেন। এরপর গোপন কক্ষে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। তবে এদিন গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে কক্ষে যাননি কাজী মনিরুল ইসলাম। কক্ষে প্রবেশ করার খানিক বাদেই বেরও হয়ে আসেন আওয়ামী লীগের এই প্রার্থী।

 

পরে কেন্দ্র প্রাঙ্গণে ভোট নিয়ে প্রশ্ন করা হলে মনিরুল ইসলাম বলেন, আমি এখানে ভোটার, ভোট দিয়েছি।

 

অন্যদিকে মনুর এই দাবিকে অসত্য বলছেন বিনপির প্রার্থী সালাহউদ্দিন। একই কেন্দ্র পরিদর্শনে এসে বিএনপি এর এই প্রার্থী বলেন, তিনি (মনু) এই আসনে ভোট দিতেই পারেন না। কারণ তিনি ঢাকা-৪ আসনের আওতাধীন গেন্ডারিয়ার ভোটার। এখন তিনি যদি এখানে ভোট দিয়েছেন বলে দাবি করেন তাহলে এটা অসত্য।

 

জানা যায়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মোট ৫টি কেন্দ্র। মনু শনিবার সকাল এসে দক্ষিণ ভবনের তৃতীয় তলায় একটি বুথে যান। যেখান থেকে বের হয়ে এসে সাংবাদিকদের বলেন ভোট দিয়েছেন।

 

তবে তৃতীয় তলার ২৯ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হামিদুল ইসলাম বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ভাবে হচ্ছে।’ আওয়ামী লীগ প্রার্থী ভোট দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাকে তিনি বলেন, ‘তিনি এখনও আমার কেন্দ্রে ভোট দিতে আসেননি।’

 

৪র্থ ও ৫ম তলায় পৃথক আরেকটি কেন্দ্র। সেই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাহমুদুন্নবীও জানান তার কেন্দ্রে মনু ভোট দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *