আপাতত দেশে ফিরছেন না শাকিব খান

বিনোদন ডেস্ক- এর আগে কখনোই যাওয়া হয়নি। একাধিকবার সিনেমার শুটিং করতে আমেরিকার ভিসার আবেদন করেছিলেন। তাতে ইতিবাচক সাড়া মেলেনি। অবশেষে এবার ভাগ্য সহায় হয়েছে।

 

চ্যানেল আই মিউজিক এওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে গত ১৪ নভেম্বর মার্কিন মুলুকে গেছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান। আগামী ২৫ নভেম্বর দেশে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু আপাতত ফিরছেন না তিনি। আগামী মাসের শুরুর দিকে ফেরার কথা ভাবছেন এই নায়ক।

 

জানা গেছে, আগামী ৪ ডিসেম্বর নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডসের আসর বসবে। বাংলাদেশ থেকে চলচ্চিত্র, নাটক ও সংগীতের অনেকেই তাতে অংশ নেবেন। ওই অনুষ্ঠানে শাকিব খানেরও অংশ নেওয়ার কথা আছে। তবে অংশ নেওয়ার বিষয়টি এড়িয়ে গেছেন শাকিব খান।

 

যুক্তরাষ্ট্র থেকে হোয়াটসঅ্যাপে শাকিব খান সংবাদমাধ্যমকে বলেন, ‘দেশে থাকলে কাজের চাপে বিশ্রামের সুযোগ কম পাই। কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। যেহেতু আমেরিকায় এসেছি, পরিচিত পরিজন আছেন, তাঁদের সঙ্গে দেখাসাক্ষাৎ হয় না অনেক দিন। সবার সঙ্গে দেখা হচ্ছে। তা ছাড়া নতুন নতুন জায়গায় ঘুরছি। ভাবলাম, আরও একটু সময় কাটিয়ে যাই। এই সুযোগে একটা রিফ্রেশমেন্টও হয়ে যাবে।

 

তা ছাড়া নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন দুটি ছবির ঘোষণা দিয়েছি। ছবির বেশির ভাগ কাজ যুক্তরাষ্ট্রেই হবে। সেই কাজের প্রস্তুতিও এ সময় নিয়ে রাখছি।’

 

এদিকে শাকিব খান এড়িয়ে গেলেও ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেওয়ার বিষয়টি নিউইয়র্ক থেকে নিশ্চিত করেছেন আয়োজকদের একজন শাহিন কবির।

 

তিনি বলেন, ‘শাকিব খানের চলে যাওয়ার কথা ছিল। ঢাকার চলচ্চিত্রের নামেই এই ঢালিউড অ্যাওয়ার্ড। আর শাকিব খান বর্তমান সময়ে ঢাকার চলচ্চিত্রের সেরা নায়ক। তাই আমরা অনুষ্ঠানটিতে উপস্থিত থাকার জন্য তাঁকে অনুরোধ করেছিলাম। শেষ পর্যন্ত তিনি রাজি হয়েছেন। অনুষ্ঠানে থাকবেন তিনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *