মুম্বাইয়ে অডিশন দিয়ে আমি নির্বাচিত হয়েছি: জায়েদ খান

বিনোদন ডেস্ক- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত হচ্ছে ‘বঙ্গবন্ধু’। এটি মূলত বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্র। এবার এই চলচ্চিত্রে যুক্ত হলেন চিত্রনায়ক জায়েদ খান।

 

এই চলচ্চিত্রে বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর থেকে শুরু করে তাঁর আন্দোলন-সংগ্রামের নানা অধ্যায় উঠে আসবে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় ‘বঙ্গবন্ধু’র শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে।

 

এরই মধ্যে বাংলাদেশের জনপ্রিয় তারকারা এই চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন। সেই তালিকায় নতুন মুখ জায়েদ খান। তিনি টিক্কা খানের চরিত্রে অভিনয় করবেন।

 

আজ (২২ নভেম্বর) রাজধানীর বিএফডিসিতে এই চলচ্চিত্রের ডিরেক্টর অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স ঈশান রাজা বাঙ্গালীর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেছেন জায়েদ খান। উল্লেখ্য এই চিত্রনায়ক ১ টাকা পারিশ্রমিকে এই চলচ্চিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন।

 

তিনি বলেন, এ সিনেমায় অভিনয়ের জন্য তাকে পারিশ্রমিক দেওয়া হলেও বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে পারিশ্রমিক ফিরিয়ে দিয়েছেন। প্রতীকী হিসেবে মাত্র ১ টাকা পারিশ্রমিকে চুক্তি সেরেছেন তিনি।

 

“বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করার সবার স্বপ্ন থাকে। সব সিনেমা মুছে গেলেও এই সিনেমা মুছে যাবে না। মুম্বাইয়ে গিয়ে অডিশন দিয়ে নির্বাচিত হয়েছি। টিক্কা খানের চরিত্রে অভিনয় করছি।”

 

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বিগ বাজেটের চলচ্চিত্রটি নির্মাণ করছেন বলিউডের নির্মাতা শ্যাম বেনেগাল।

 

২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় সিনেমার ৮০ ভাগ দৃশ্যধারণ করা হয়েছে।

 

শেষভাগের দৃশ্যধারণে অংশ নিতে ১৭ নভেম্বর ঢাকায় এসেছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল, তার সঙ্গে সিনেমার কাস্টিং ডিরেক্টর শ্যাম রাওয়াতসহ আরও কয়েকজন এসেছেন।

 

রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছে; ৫ ডিসেম্বর থেকে শুটিংয়ে যোগ দেবেন জায়েদ খান।

 

ছবিতে বঙ্গবন্ধু হিসেবে আরিফিন শুভ ও শেখ হাসিনা হচ্ছেন নুসরাত ফারিয়া। এছাড়াও বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা।

 

অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোয় দেখা যাবে- খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান), এলিনা (বেগম খালেদা জিয়া)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *