বিনোদন ডেস্ক- টালিউডের অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ জামিন পেয়েছেন।
সোমবার (২২ নভেম্বর) বিকালে তার জামিন আবেদন গ্রহণ করেন ত্রিপুরার আগরতলা আদালত। ভারতীয় গণমাধ্যমগুল খবরটি নিশ্চিত করেছে।
এদিন আদালত চত্বর থেকে বেরিয়ে সংবাদিকদের সায়নী ঘোষ বলেন, ‘আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ প্রমাণিত। আমাদের লড়াই চলবে। এভাবে দমানো যাবে না।’
রোববার (২১ নভেম্বর) সায়নী ঘোষকে গ্রেফতার করেছিল আগরতলা পুলিশ। তাদের দাবি ছিল, গাড়ি চাঁপা দিয়ে মানুষকে হ ত্যার চেষ্টা করেছিলেন অভিনেত্রী। এ জন্য তাকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। কিন্তু গ্রেফতারের এক দিন পরই মুক্তি পেলেন তরুণ এ নেত্রী।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ দাবি করেন, ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোমবারের সভা বানচাল করতেই পরিকল্পনা করে এসব করা হয়েছে।
২৫ নভেম্বর আগরতলায় পৌরসভা ভোট। তৃণমূলের দাবি, পূর্বপরিকল্পিতভাবেই শেষ মুহূর্তের প্রচার বানচাল করা হয়েছে ত্রিপুরা প্রশাসনের তরফে।
সায়নী গ্রেপ্তার হওয়ার পর সোমবার সকালেই ত্রিপুরায় পৌঁছান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। আগরতলা বিমানবন্দরে নেমেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সরকারকে আক্রমণ করেন অভিষেক।
বলেন, ত্রিপুরায় নৈরাজ্য চলছে। সায়নী শুধু খেলা হবে স্লোগান দিয়েছিলেন। সেই স্লোগান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দিয়েছিলেন। তবে কি মোদিকে গ্রেপ্তার করা হবে?’
