তাহসান-বাঁধনকে নিয়ে ‘রূপকথার গল্প’ বানাবেন ব্রিটিশ নির্মাতা

বিনোদন ডেস্ক- ছক বাধা ছবির বাইরে ২০০৮ সালে মুক্তি পেয়েছিলো বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা সাদিক আহমেদ পরিচালিত ‘দ্য লাস্ট ঠাকুর’ নামের একটি সিনেমা। চলচ্চিত্রপ্রেমীদের কাছে তখন বেশ সমাদৃত হয় সিনেমাটি। এরপর এই নির্মাতার আর কোনো সিনেমার খোঁজ জানা না গেলেও মস্ত চমক নিয়ে ফিরলেন তিনি।

 

‘দ্য লাস্ট ঠাকুর’-এর প্রায় এক যুগ পর সাদিক আহমেদের নতুন ছবির ঘোষণা এলো। প্রযোজনা সংস্থা অ্যাপল বক্স জানিয়েছে, সাদিক আহমেদের দ্বিতীয় সিনেমার নাম ‘অ্যা ব্লেসড ম্যান’।

 

এই সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন এই সময়ের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তাহসান খান। বিষয়টি এই দুই অভিনেতাই নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন।

 

আ ব্লেসড ম্যান মূলত শহুরে রূপকথার গল্প। তাহসান খান, আজমেরী হক বাঁধন, ইরফান সাজ্জাদসহ আরও অনেক নামকরা শিল্পী এতে অভিনয় করবেন। এরই মধ্যে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ শেষ হয়েছে। কিছুদিনের মধ্যেই শুরু হবে শুটিং।

 

সোমবার অ্যাপেলবক্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আপেলবক্স ফিল্মসের প্রযোজক-পরিচালক পিপলু আর খানের সঙ্গে সিনেমাটির প্রযোজনা দলের সদস্যরা হলেন চিত্রনাট্যকার সৈয়দ গাউসুল আলম শাওন ও গল্পরাজ্য ফিল্মসের নির্মাতা-প্রযোজক আবু শাহেদ ইমন।

 

তা ছাড়া সিনেমার প্রচার ও প্রসারের লক্ষ্যে কিছু বিদেশি প্রোডাকশনও সিনেমাটির প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছে।

 

সাদিক আহমেদ, পরিচালনার পাশাপাশি একজন পেশাদার চিত্রগ্রাহক ও চিত্রশিল্পী। ইউনিভার্সিটি অফ দ্য আর্টস লন্ডন থেকে চিত্রগ্রহণ ও চিত্রশিল্পে পড়াশোনা শেষে, সাদিক আহমেদ ইংল্যান্ডের নামকরা ন্যাশনাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্কুল থেকে সিনেমাটোগ্রাফিতে মাস্টার্স ডিগ্রি করেন।

 

অমিদ রাহমানির সঙ্গে যৌথভাবে সাদিক আহমেদ আ ব্লেসড ম্যান সিনেমার চিত্রনাট্যও লিখেছেন।

 

প্রযোজকরা আশা করেন, পরিচালকের মেধা ও সবার প্রচেষ্টায় সিনেমাটি বাংলা সিনেমার দর্শকদের জন্য নতুন কোনো ইতিবাচক বার্তা নিয়ে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *