ইভ্যালির প্রতারণা: নীরবতা ভেঙে অবশেষে মুখ খুললেন মিথিলা

বিনোদন ডেস্ক- রাফিয়াত রশিদ মিথিলা একাধারে শিল্পী, সুরকার, অভিনেত্রী এবং মডেল। তবে শো-বিজের বাইরে তার রয়েছে আলাদা এক কাজের জগৎ। পেশাদার উন্নয়নকর্মী হিসেবে কর্মজীবন শুরু করা এই তারকা ভালোলাগার জায়গা থেকেই কাজ করেন শিশুদের নিয়ে। বর্তমানে কর্মরত আছেন ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রধান হিসেবে।

 

সম্প্রতি চাকরিসূত্রে আফ্রিকার দেশ সিয়েরা লিওনে গেছেন এই অভিনেত্রী। সেখান থেকেই গত ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবসের সন্ধ্যায় সরাসরি একটি একটি অনলাইনের লাইভ শোতে যুক্ত হলেন মিথিলা।

 

তবে শুধু সিয়েরা লিওনই নয়, মিথিলার বক্তব্যের অনেকটা জুড়ে থাকলো কলকাতা ও বাংলাদেশ। বললেন চলতি বছরের অন্যতম আলোচিত ঘটনা ইভ্যালি নিয়েও। যেখানে শুভেচ্ছাদূত হিসেবে মাত্র দুই মাসের মতো যুক্ত ছিলেন মিথিলা। তবে নিজের দায়বদ্ধতা থেকেই সেই স্বল্প সময়ের কাজে ক্ষতিগ্রস্তদের প্রতি দুঃখও প্রকাশ করেন তিনি।

 

বিশেষ এই লাইভ শোয়ের একেবারে শেষ পর্যায়ে সঞ্চালক মাহমুদ মানজুরের একটি প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘আমি ইভ্যালির সঙ্গে মাত্র এক থেকে দুই মাস কাজ করেছি। চলতি বছরের জুলাইয়ে সাইন করি। একটা লাইভ করেছিলাম। এরপর চলে যাই কলকাতা। আর কোনও কার্যক্রমে ছিলাম না। আমি বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়।’

 

ইভ্যালির বর্তমান পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমি আসলে ভেতরের গল্প জানি না। এমনটাও দেখেছি, বলেছেন তারা উপকৃতও হয়েছেন। আবার অনেকে নাকি প্রতারিতও হয়েছেন। দুই ধরনের গল্পই শুনেছি। আমি খুব অল্প সময় ছিলাম ইভ্যালির সঙ্গে। তবে যদি কেউ প্রতারিত হয়ে থাকেন আমি খুবই দুঃখিত।

 

এসময় মিথিলা বলেন, একজন আর্টিস্ট বা শুভেচ্ছাদূতের পক্ষে সম্ভব নয় কোম্পানির ভেতরের খবর আগাম জানার। আমার লাইফে ৫০টির বেশি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছি। লং টার্ম ছিলাম অনেকের সঙ্গেই। সবার পুরোটা জানা কিন্তু সম্ভব না। কখনও এরকম কিছু হয়নি। শুধু ইভ্যালির ক্ষেত্রেই এমনটা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *