রংপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: বৃদ্ধ ছবদেল হোসেন হত্যা মামলার প্রধান আসামি বেল্লাল হোসেনকে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বেড়া গ্রামে নদী সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় ওই বৃদ্ধকে হত্যা করা হয়।

 

শনিবার বিকালে র‌্যাবের রংপুর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান র‌্যাব-১৩-এর প্রধান কমান্ডার রেজা আহাম্মেদ ফেরদৌস।

 

র‌্যাব জানায়, গত ৬ নভেম্বর দুপুর ২টার দিকে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বেড়া গ্রামে নদী সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেন ৭৫ বছর বয়সী বৃদ্ধ ছবদেল হোসেন। এ ঘটনায় আসামি বেল্লাল হোসেনের নেতৃত্বে পূর্বপরিকল্পিতভাবে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই বৃদ্ধের ওপর হামলা চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসীরা।

 

এ ঘটনায় তার ছেলে আইয়ুব হোসেন মন্ডল বাদী হয়ে সাঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে আসামি বেল্লাল হোসেনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বেল্লাল হোসেন হত্যার কথা স্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে র‌্যাব-১৩-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *